১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

স্পেনের রাজধানী মাদ্রিদে ছয়তলা ভবন ধসে নিহত ৪

সৌদি আরবভিত্তিক রিয়েল এস্টেট বিনিয়োগকারী প্রতিষ্ঠান আরএসআর ২ কোটি ৮৫ লাখ ডলারে ভবনটি কিনেছিল।

স্পেনের রাজধানী মাদ্রিদে ছয়তলা ভবন ধসে নিহত ৪
স্পেনের রাজধানী মাদ্রিদের কেন্দ্রস্থলে ধসে পড়া ভবনের কাছে দেশটির জরুরি বিভাগের কর্মীরা। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2025, 02:34 PM

Updated : 26 Aug 2026, 02:26 PM

স্পেনের রাজধানী মাদ্রিদের কেন্দ্রীয় এলাকায় একটি ছয়তলা ভবনকে হোটেলে পরিণত করার জন্য সংস্কার করার সময় সেটি ধসে পড়ে অন্তত চারজন নিহত হয়েছেন। 

দেশটির জরুরি পরিষেবার কর্মীরা ধসে পড়া ভবনটির ধ্বংসস্তূপের নিচ থেকে চারটি মৃতদেহ উদ্ধার করেছেন, বুধবার জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।  

মাদ্রিদের মেয়র হোসে লুইস আলমেইদা সামাজিক মাধ্যম এক্স এ লিখেছেন, “আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে মাদ্রিদের দমকলকর্মীরা ওই ধসের পর থেকে নিখোঁজ থাকা ব্যক্তিদের মৃতদেহ উদ্ধার করেছেন।” 

রয়টার্স জানিয়েছে, যারা নিহত হয়েছেন তাদের মধ্যে সংস্কার প্রকল্পের স্থপতি ৩০ বছর বয়সী এক নারী রয়েছেন। বাকি তিনজনের বয়স ৩০ থেকে ৫০ বছরের মধ্যে। এই তিনজন একুয়েডর, মালি ও গিনি থেকে আসা প্রবাসী এবং তারা ওই ভবনে নির্মাণকর্মী হিসেবে কাজ করছিলেন। 

ভবনটি ভেতরের কাঠামো ধসে পড়লেও সামনের অংশ অক্ষত আছে। ঘটনার প্রায় ১৫ ঘণ্টা পরে বুধবার সকালে নিখোঁজদের দেহাবশেষ পাওয়া যায়। 

তল্লাশি ও উদ্ধার অভিযান চালাতে পুলিশ ও দমকল কর্মীরা ড্রোন ও প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ব্যবহার করেন। এ ঘটনায় আরও তিন নির্মাণকর্মী আহত হয়েছেন। 

মাদ্রিদের কেন্দ্রস্থলে অবস্থিত এই সাবেক অফিস ভবনটির কাছেই অপেরা হাউজ ও রাজপ্রাসাদ। এলাকাটি একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য। এক ডেভলপার কোম্পানির মাধ্যমে ভবনটিকে সংস্কার করে চার-তারকা হোটেলে রূপান্তরিত করা হচ্ছিল।

সৌদি আরবভিত্তিক রিয়েল এস্টেট বিনিয়োগকারী প্রতিষ্ঠান আরএসআর ২ কোটি ৮৫ লাখ ডলারে ভবনটি কিনে নিয়ে সেটিকে হোটেলে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছিল।