এবার ওষুধ, ট্রাক, কিচেন কেবিনেটে শুল্ক বসালেন ট্রাম্প
“এ শুল্ক আরোপের কারণ হল বাইরের দেশ থেকে এসব পণ্যে যুক্তরাষ্ট্রে বানের জলের মতো ঢুকছে,” ট্রুথ সোশালে লিখেছেন মার্কিন প্রেসিডেন্ট।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প একাধিক পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছেন, এর মধ্যে ব্র্যান্ডের ওষুধ আমদানিতে বসানো হয়েছে শতভাগ শুল্ক।
যদি কোনো কোম্পানি যুক্তরাষ্ট্রে ওষুধ উৎপাদন কারখানা না খোলে, তাহলে তাকে এই ১০০% শুল্ক দিতে হবে।
ওয়াশিংটন সব ধরনের ভারী ট্রাক আমদানিতে ২৫% এবং কিচেন ও বাথরুম কেবিনেটের ওপর ৫০% শুল্কও নেবে, বৃহস্পতিবার দেওয়া ঘোষণায় ট্রাম্প এমনটাই বলেছেন বলে জানিয়েছে বিবিসি।
“এ শুল্ক আরোপের কারণ হল বাইরের দেশ থেকে এসব পণ্যে যুক্তরাষ্ট্রে বানের জলের মতো ঢুকছে,” মার্কিন কোম্পানিগুলোকে সুরক্ষা দেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে নিজের সোশাল মিডিয়া ট্রুথ সোশাল লিখেছেন ট্রাম্প।
আর শুল্ক আরোপ না করতে মার্কিন ব্যবসায়ীরা হোয়াইট হাউসের কাছে কাতর অনুরোধ জানানোর পরও নতুন শুল্কের এ ঘোষণা এল। এতে যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, জার্মানি, সুইজারল্যান্ড ও জাপানের মতো দেশগুলোর বড় বড় ওষুধনির্মাতা বিপাকে পড়বে বলে ধারণা করা হচ্ছে।
গত বছর যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের ৬০০ কোটি ডলারের বেশি ওষুধজাতীয় পণ্য রপ্তানি করেছে বলে জাতিসংঘের এক হিসাব বলছে।
ভারী ট্রাকের ওপর শুল্ক পিটারবিল্ট ও ম্যাক ট্রাকসের মতো মার্কিন কোম্পানিগুলোর উপকারে আসবে। কিচেন ও বাথরুম কেবিনেটে শুল্কও স্থানীয় উৎপাদকদের সাহায্য করবে, বলেছেন ট্রাম্প।
দিনকয়েক পর থেকে যুক্তরাষ্ট্র কাপড় বা চামড়ায় মোড়ানো আসবাবপত্র আমদানিতেও ৩০% শুল্ক নেওয়া শুরু করবে, বলেছেন তিনি।
যুক্তরাষ্ট্রে উৎপাদন ও চাকরি বাড়ানো এবং আরও কিছু রাজনৈতিক লক্ষ্য হাসিলে অগাস্টের শুরুতেই ট্রাম্প ৯০টিরও বেশি দেশের পণ্যে শুল্ক আরোপ করেন।
এর আগে তিনি খাত ধরে ধরে ইস্পাত, কপার, অ্যালুমিনিয়াম, গাড়ি ও গাড়ির যন্ত্রাংশের ওপর শুল্ক বসিয়েছিলেন।
নতুন এ শুল্কের ফলে স্থানীয় উৎপাদকরা লাভবান হলেও ভোক্তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে, কেননা পণ্যের দাম বেড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি, বলেছেন হিনরিখ ফাউন্ডেশনের ব্যবসা বিশেষজ্ঞ ডেবোরাহ এমস।
বৈশ্বিক বাণিজ্য অংশীদারদের ওপর দেওয়া শুল্ক আদালতে চ্যালেঞ্জের মুখে থাকায় পণ্য ধরে ধরে দেওয়া আমদানি শুল্ক রাজস্ব আয়ে ‘ব্যাকআপ প্ল্যানের’ ভূমিকা রাখতে পারে, বলেছেন তিনি।
