১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

‘ডোরেমন’ নির্মাতা শিবায়ামা মারা গেছেন

তিনি ২০ বছরের বেশি সময় ধরে ডোরেমন সিরিজ পরিচালনা করেছেন।

‘ডোরেমন’ নির্মাতা শিবায়ামা মারা গেছেন
সুতোমু শিবায়ামা। ছবি: এআই

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2026, 08:53 AM

Updated : 26 Aug 2026, 03:12 PM

জনপ্রিয় কার্টুন সিরিজ ডোরেমনের নির্মাতা সুতোমু শিবায়ামা মারা গেছেন; তার বয়স হয়েছিল ৮৪ বছর।

ফুসফুস ক্যান্সারে আক্রান্ত এ নির্মাতা গত ৬ মার্চ মারা যান বলে তার কোম্পানি— ‘এশিয়া দো’ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।    

বিজ্ঞপ্তিতে বলা হয়, “আমাদের সাবেক প্রেসিডেন্ট ও সিইও, সুতোমু শিবায়ামা ২০২৬ সালের ৬ মার্চ ফুসফুসের ক্যান্সারে মারা গেছেন।”

শিবায়ামা মূলত ‘ডোরেমন টিভি অ্যানিমে’ সিরিজ ও চলচ্চিত্র পরিচালনার জন্য পরিচিত। তিনি ২০ বছরের বেশি সময় ধরে ডোরেমন সিরিজ পরিচালনা করেছেন।

এর আগে তিনি দোকানজো গায়রু ও গানসো তেনসাই ব্যাকাবোনর মতো শোতে অ্যানিমেশন পরিচালক হিসেবে কাজ করেছেন।

কোম্পানির বার্তায় বলা হয়, পরিবারের ইচ্ছা অনুযায়ী, তার শেষকৃত্য শুধু পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে।

“আমরা বিনীতভাবে অনুরোধ করছি, ফুল, আর্থিক সহায়তা বা সমবেদনা জানাতে কেউ সরাসরি চলে আসা থেকে বিরত থাকুন।”

শিবায়ামার জনপ্রিয় সৃষ্টি ‘ডোরেমনের’ গল্প এগিয়ে চলে প্রধান চরিত্র একটি বিড়ালকে কেন্দ্র করে। 

ডোরেমন নামের বিড়ালটি মূলত একটি রোবট, যেটি বাইশ শতাব্দী থেকে সময় ভ্রমণ করে অতীতে আসে। সে সরল ও একটু অগোছালো স্বভাবের স্কুলছাত্র নোবিতাকে সাহায্য করে।