১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

কিইভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত অন্তত ১২

এ হামলায় আরও ৩০ জনের বেশি আহত হয়েছেন, অনেকগুলো ভবন ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে।

কিইভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত অন্তত ১২
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত একটি ভবনে আগুন নেভানোর চেষ্টা। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2026, 02:42 PM

Updated : 16 Sep 2026, 12:58 PM

ইউক্রেইনের রাজধানী কিইভে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে। 

বৃহস্পতিবার ভোর রাতের এ হামলায় আরও ৩০ জনের বেশি আহত, অনেকগুলো ভবন ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কিইভের কর্তৃপক্ষ জানিয়েছে।

কিইভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন, নগরীর সলোমিয়ানস্কি এলাকায় নয়তলা একটি আবাসিক ব্লক ধ্বংস হয়ে গেছে, এর উপরের তলাগুলোতে আগুন ধরে যায় আর এখানে সাতজনের মৃত্যু হয়।

তিনি শুক্রবার এক দিনের শোক পালনের আহ্বান জানিয়েছেন; খবর বার্তা সংস্থা রয়টার্সের।  

হামলায় কিইভের আরও দুটি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে টেলিগ্রাম অ্যাপে ক্লিচকো জানিয়েছেন। এ এলাকাগুলোতে বিভিন্ন স্থাপনা, গুদাম, একটি স্কুল ও একটি শিশু হাসপাতালে আঘাত লেগেছে।

বিদ্যুৎ কোম্পানি ডিটিইকে জানিয়েছে, হামলার পর প্রায় ৯০ হাজার বাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়ে, তবে এর মধ্যে তারা অর্ধেকের বেশি বাড়ির বিদ্যুৎ সরবরাহ সচল করেছে।

কয়েক মাস ধরে ইউক্রেইনে আকাশ হামলা জোরদার করেছে রাশিয়া। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার মতো প্রয়োজনীয় ইন্টারসেপ্টরের অভাবে ভুগছে ইউক্রেইন, ফলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ও ক্ষয়ক্ষতি বেশি হচ্ছে। 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মস্কো ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে কিইভ ও আশপাশের অঞ্চলে ড্রোন উৎপাদনের কারখানা, সামরিক গুদাম ও একটি লজিস্টিক হাবসহ অন্যান্য লক্ষ্যে আঘাত হেনেছে।

রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী সাংবাদিক কিইভে এক ডজনেরও বেশি বিস্ফোরণ শোনার কথা জানিয়েছেন। কিইভের পাশের একটি অঞ্চলে আরেক ব্যক্তি নিহত হয়েছে বলে এক কর্মকর্তা টেলিগ্রামে জানিয়েছেন। 

ইউক্রেইনও রাশিয়ার হামলা জোরদার করে দেশটির তেল স্থাপনা ও সরবরাহ অবকাঠামোগুলোকে লক্ষ্যস্থল করছে।