১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কম্বোডিয়ার সঙ্গে শান্তিচুক্তি স্থগিত করল থাইল্যান্ড

কম্বোডিয়া সীমান্তের কাছে একটি স্থলমাইন বিস্ফোরণে সেনারা আহত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে থাইল্যান্ড।

কম্বোডিয়ার সঙ্গে শান্তিচুক্তি স্থগিত করল থাইল্যান্ড
ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2025, 02:12 AM

Updated : 26 Aug 2026, 05:06 PM

সীমান্তে সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষিতে প্রতিবেশী কম্বোডিয়ার সঙ্গে স্বাক্ষরিত ‘শান্তি চুক্তি’ বাস্তবায়ন স্থগিতের ঘোষণা দিয়েছে থাইল্যান্ড। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের তত্ত্বাবধানে চুক্তি সইয়ের মাত্র দুই সপ্তাহ পরই এই ঘোষণা এল। 

থাইল্যান্ডের সরকারি এক মুখপাত্র জানিয়েছেন, সিসাকেত প্রদেশে কম্বোডিয়া সীমান্তের কাছে একটি স্থলমাইন বিস্ফোরণে সেনারা আহত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কম্বোডিয়া জানিয়েছে, তারা এখনও চুক্তিতে অঙ্গীকারবদ্ধ রয়েছে। 

গত জুলাইয়ে দুই দেশের সীমান্ত সংঘাতে অন্তত ৪০ জন নিহত হওয়ার পর এই চুক্তির লক্ষ্য ছিল স্থায়ী শান্তি প্রতিষ্ঠা। গত অক্টোবর মাসে মালয়েশিয়ায় ট্রাম্পের উপস্থিতিতে এই চুক্তি সই হয়। 

দুই বিবাদমান পক্ষই চুক্তিতে সই করেছিল। যদিও থাইল্যান্ড এই চুক্তিকে “শান্তি চুক্তি” বলতে অস্বীকৃতি জানিয়েছিল।

তবে সোমবার এক সংবাদ সম্মেলনে থাই প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল বলেন, দেশের প্রতিরক্ষা প্রধানদের সিদ্ধান্তের সঙ্গে তিনি একমত।  “নিরাপত্তা হুমকি বাস্তবে এখনও কমেনি” বলেন অনুতিন।

ব্যাংকক পোস্ট পত্রিকা জানিয়েছে, সেনারা টহল দেওয়ার সময় মাইন বিস্ফোরণে আহত হয়। এক সেনা বিস্ফোরণে পা হারিয়েছে। অনুতিন বলেন, তিনি মঙ্গলবার আহত সেনাদের দেখতে যাবেন।

থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে এক শতাব্দীর বেশি সময় ধরে সীমান্ত নিয়ে বিরোধ চলছে। গত জুলাইয়ে সীমান্তে মাইন বিস্ফোরণে থাই সেনা নিহত হওয়াকে কেন্দ্র করে কম্বোডিয়ার সঙ্গে সংঘাত হয়েছিল।