২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইন নিয়ে আপোসে নারাজ পুতিন, ইইউ’র বিরুদ্ধে ‘ডাকাতির’ অভিযোগ

বছর শেষের বার্ষিক সাংবাদিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইউক্রেইন যুদ্ধের বিষয়ে ক্রেমলিনের অনড় অবস্থান জানান দেন।

ইউক্রেইন নিয়ে আপোসে নারাজ পুতিন, ইইউ’র বিরুদ্ধে ‘ডাকাতির’ অভিযোগ
ভ্লাদিমির পুতিন।  ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2025, 12:21 AM

Updated : 26 Aug 2026, 05:21 PM

ইউক্রেইন যুদ্ধ বন্ধে রাশিয়ার দাবি করা শর্তগুলোর বিষয়ে আপোসের কোনও প্রস্তাব দেননি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ওদিকে, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিরুদ্ধে তিনি রাশিয়ার সম্পদ ‘প্রকাশ্য দিবালোকে ডাকাতির চেষ্টার’ অভিযোগ করেছেন।

শুক্রবার বছর শেষের বার্ষিক সাংবাদিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে পুতিন ইউক্রেইন যুদ্ধের বিষয়ে ক্রেমলিনের এই অবস্থান জানান দিয়েছেন।

পুতিন বলেন, শান্তিচুক্তিতে রাজি হওয়ার বিষয়ে তিনি ইউক্রেইনের দিক থেকে কোনও প্রস্তুতি দেখতে পাচ্ছেন না। তবে তারা আলোচনায় বসতে ইচ্ছুক এমন কিছু লক্সণ আছে।

“একটিমাত্র যে কথাটি আমি বলতে চাই, তা হল আমরা সবসময় এটি বলেছি: আমরা এই সংঘাত শান্তিপূর্ণভাবে শেষ করতে ইচ্ছুক গত জুনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ে আমার দেওয়া নীতির রূপরেখা এবং সংকটের মূল কারণগুলোকে তুলে ধরার ভিত্তিতে,” বলেন তিনি।

এর মাধ্যমে পুতিন ১৮ মাস আগে তার একটি বক্তব্যেরই উল্লেখ করেছেন, যেখানে তিনি ইউক্রেইনকে নেটো সদস্যপদ পাওয়ার স্বপ্ন ছেড়ে দেওয়ার শর্ত দেন এবং রাশিয়ার নিজস্ব অঞ্চল বলে দাবি করা চারটি অঞ্চল থেকে ইউক্রেইনের সেনাদের সরে যেতেদ বলেন।

তবে ইউক্রেইন ভূমি ছেড়ে দিতে অস্বীকৃতি জানিয়েছে।

ওদিকে, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেইনকে আগামী দুই বছর সহায়তা দিতে যৌথভাবে ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা। যদিও রাশিয়ার জব্দ করা রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করে কিইভকে অর্থ দেওয়ার পরিকল্পনা তারা আপাতত স্থগিত রেখেছেন।

কিন্তু ইউরোপীয় ইউনিয়নের নেতারা একথাও বলছেন যে, রাশিয়া যদি ইউক্রেইনকে যুদ্ধে ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ না দেয়, তাহলে জব্দ রুশ সম্পদ ঋণ পরিশোধে ব্যবহার করার অধিকার তাদের আছে।

পুতিন বলেছেন, মারাত্মক পরিণতিতে যাতে পড়তে না হয়, সেজন্য ইইউ রুশ সম্পদ ব্যবহার করে কিইভকে অর্থ দেওয়ার মূল পরিকল্পনা থেকে সরে গেছে। আর সম্পদ জমা করে রাখার একটি নিরাপদ জায়গা হিসাবেও ইইউ তাদের মর্যাদা খুইয়েছে।

তিনি বলেন, এখানে “চুরি শব্দটা উপযুক্ত নয়... এটি হচ্ছে প্রকাশ্য দিবালোকে ডাকাতি। এই ডাকাতি কেন করা যাচ্ছে না? কারণ, এর পরিণতি ডাকাতদের জন্য মারাত্মক হতে পারে।

“এটি কেবল তাদের ভাবমূর্তিতে ধাক্কাই নয়, এটা ইউরোজোনে আস্থাও নষ্ট করছে। আর বাস্তবতা হচ্ছে, কেবল রাশিয়াই নয়, অন্য অনেক দেশ, বিশেষ করে তেল উৎপাদনকারী দেশগুলো ইউরোজোনেই তাদের সোনা ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ রাখে।”