Published : 27 Feb 2026, 07:24 PM
ইসরায়েলে মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি তার দূতাবাস কর্মীদের বলেছেন, তারা যদি ইসরায়েল ছাড়তে চান, তাহলে দেরি না করে ‘আজই’ যাওয়া উচিত।
শুক্রবার সকালে মার্কিন মিশনের কর্মীদের কাছে পাঠানো এক ইমেইলে তিনি লিখেছেন, কর্মীদের এমন কোনো বিমান পরিবহন সংস্থায় টিকেট বুক করতে হবে যারা ওয়াশিংটনে যাতায়াত অব্যাহত রাখবে। তবে সবার আগে অগ্রাধিকার হবে যত দ্রুত সম্ভব ইসরায়েল ত্যাগ করা।
রয়টার্স লিখেছে, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক সংঘাতের ঝুঁকি নিয়ে উদ্বেগের মধ্যে ইসরায়েল থেকে ‘জরুরি নয়’–এমন কর্মী ও তাদের পরিবারের সদস্যদের চলে যাওয়ার অনুমতি দিচ্ছে যুক্তরাষ্ট্র।
রাষ্ট্রদূত লিখেছেন, “আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই, তবে যারা যেতে চান, তাদের দেরি না করে দ্রুত যাওয়ার পরিকল্পনা করা গুরুত্বপূর্ণ।”
তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে আলোচনা চালানোর পাশাপাশি মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি জোরদার করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার কোনো অগ্রগতির বার্তা ছাড়াই শেষ দফার আলোচনা শেষ হয়েছে।
ইরান হুঁশিয়ারি দিয়ে রেখেছে, যুক্তরাষ্ট্র হামলা চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো তাদের ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচিত হবে।
ইরান ইসরায়েলেও হামলার হুমকি দিয়ে রেখেছে। ফলে পরিস্থিতির আরও অবনতি হলে মধ্যপ্রাচ্যজুড়ে আবারও আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে।