২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ম্যাথিউ পেরির মৃত্যু: মাদক সরবরাহের দায় নিচ্ছেন ‘ক্যাটামিন কুইন’

পেরির মৃত্যু এবং কীভাবে তিনি বছরের পর বছর এত বেশি ক্যাটামিন পেয়েছিলেন, তার তদন্তে হলিউডের ক্যাটামিন নেটওয়ার্কের একটি চিত্র উঠে এসেছে।

ম্যাথিউ পেরির মৃত্যু: মাদক সরবরাহের দায় নিচ্ছেন ‘ক্যাটামিন কুইন’
ম্যাথিউ পেরি। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2025, 01:32 PM

Updated : 26 Aug 2026, 01:36 PM

সিচুয়েশন কমেডি ‘ফ্রেন্ডস’ অভিনেতা ম্যাথিউ পেরির মৃত্যুর জন্য যে মাদক দায়ী, তা বিক্রির দায় স্বীকার করতে সম্মত হয়েছেন ‘ক্যাটামিন কুইন’ নামে পরিচিতি পাওয়া জাসভিন সাংহা।

মার্কিন বিচার বিভাগের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ৪২ বছর বয়সী জাসভিন সাংহা লস অ্যাঞ্জেলেসের আদালতে পাঁচটি অভিযোগে দোষ স্বীকার করে নিচ্ছেন, যার একটি হল অতিরিক্ত পরিমাণ ক্যাটামিন মাদক বিক্রি, যা শেষ পর্যন্ত পেরির মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।

ব্রিটিশ-আমেরিকান সাংহার বিরুদ্ধে মোটাদাগে নয়টি ফৌজদারি অভিযোগ আনা হয়েছিল। সরকারি কৌঁসুলিরা তার লস অ্যাঞ্জেলেসের বাড়িকে ‘মাদক বিক্রির সাম্রাজ্য’ বলে বর্ণনা করেন। সেখানে এক অভিযানে বিপুল পরিমাণ ক্যাটামিন পাওয়া যায়।

২০২৩ সালের অক্টোবরে লস অ্যাঞ্জেলেসে ম্যাথিউ পেরির বাড়ির পেছনে উঠানের জাকুজিতে তার মৃতদেহ পাওয়া যায়। ময়নাতদন্তে জানা যায়, অতিরিক্ত মাত্রার ক্যাটামিন তার মৃত্যুর কারণ।

সাংহা, চিকিৎসক ও পেরির সহকারীসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ, তারা অভিনেতার আসক্তিকে কাজে লাগিয়ে ক্যাটামিন সরবরাহ করে মুনাফা করেছেন এবং পরিণামে তার মৃত্যু ঘটিয়েছেন।

তাদের মধ্যে রয়েছেন ক্যাটামিন বিক্রেতা ডা. সালভাদর প্লাসেনসিয়া ও ডা. মার্ক চাভেজ; পেরির সহকারী কেনেথ ইওয়ামাসা, যিনি ক্যাটামিন কিনতে ও গ্রহণ করতে সহায়তা করতেন এবং এরিক ফ্লেমিং, যিনি সাংহার কাছ থেকে ক্যাটামিন নিয়ে পেরির কাছে বেচতেন।

বিবিসি লিখেছে, পাঁচজনই মামলায় আনা অভিযোগের দায় স্বীকার করতে রাজি হয়েছেন। সাংহার বিচার ইতোমধ্যে কয়েকবার পিছিয়েছে। আগামী মাসে বিচার শুরুর নতুন তারিখ পড়েছে। 

ফেডারেল কর্তৃপক্ষের সঙ্গে করা চুক্তির অংশ হিসেবে তিনি শিগগিরই আদালতে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে দোষ স্বীকার করবেন বলে ধারণা করা হচ্ছে।

তার আইনজীবী মার্ক গেরাগোস বিবিসিকে বলেছেন, “তিনি (সাংহা) তার কৃতকর্মের দায়িত্ব নিচ্ছেন।”

জাসভিন সাঙ্ঘা। ছবি: সোশাল মিডিয়া

জাসভিন সাঙ্ঘা

মাদক সাম্রাজ্য পরিচালনা, ক্যাটামিন বিক্রির তিনটি ঘটনা এবং তার একটিতে মৃত্যু বা গুরুতর শারীরিক ক্ষতির অভিযোগের দায় নেবেন সাংহা। আইন অনুযায়ী, তার সর্বোচ্চ ৬৫ বছরের সাজা হতে পারে।

যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিইএ) বলছে, ক্যাটামিন হল এক ধরনের অ্যানেসথেটিক, যার কিছু বিভ্রম সৃষ্টিকারী প্রভাব রয়েছে। এটি দৃষ্টিশক্তি ও শ্রবণের অনুভূতিতে প্রভাব ফেলে এবং ব্যবহারকারীকে তার পরিবেশ থেকে বিচ্ছিন্নতার এবং নিয়ন্ত্রণ হারানোর অনুভূতি দেয়। 

মানুষ ও প্রাণীকে ব্যথা ও পরিবেশের প্রভাব থেকে বিচ্ছিন্ন রাখতে অ্যানেসথেটিক ব্যবহৃত হয়।

তদন্তকারীদের ভাষ্য, এটি কেবল চিকিৎসকের পরামর্শে মাধ্যমে সেবন হওয়া উচিত। এটি রোগীর ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে, সে কারণে চিকিৎসকের মাধ্যমে পর্যবেক্ষণ করা প্রয়োজন।

পেরির মৃত্যু এবং কীভাবে তিনি বছরের পর বছর এত বেশি ক্যাটামিন পেয়েছিলেন, তার তদন্তে হলিউডের ক্যাটামিন নেটওয়ার্কের একটি চিত্র উঠে এসেছে। বিবিসির সঙ্গে আলাপচারিতায় এক চিকিৎসক একে ‘ওয়াইল্ড ওয়েস্ট’ বলে বর্ণনা করেছেন।

বিচার বিভাগ বলছে, সাংহার দায় স্বীকারের তালিকায় আরেকটি মৃত্যুর ঘটনা থাকছে। তিনি ২০১৯ সালের অগাস্টে কোডি ম্যাকলোরি নামের একজনের কাছে ক্যাটামিন বিক্রি করেছিলেন, যিনি তার কয়েক ঘণ্টার মধ্যে মাদকটির ‘ওভারডোজে’ মারা যান। 

ফেডারেল কর্তৃপক্ষের অভিযোগ, সাংহা ২০১৯ সাল থেকে তার নর্থ হলিউডের ‘স্ট্যাশ হাউস’ থেকে তারকা ও উচ্চবিত্ত গ্র্হকদের জন্য ক্যাটামিন সরবরাহ করে আসছিলেন।

২০২৪ সালের মার্চে তাকে গ্রেপ্তারের আগে অভিযানে সেখানে ৮০টির বেশি ক্যাটামিন ভায়ালের পাশাপাশি মেথামফেটামিন, কোকেন ও জ্যানাক্সের হাজারো বড়ি পাওয়া যায়।

সাংহা বিলাসী জীবনযাপন করতেন এবং হলিউডের তারকাদের সঙ্গে তার ওঠাবসা ছিল। তার এক বন্ধু ডেইলি মেইলকে বলেছেন, গোল্ডেন গ্লোবস ও অস্কার আসরেও যেতেন সাংহা। 

সোশাল মিডিয়ায় তার বিলাসবহুল জীবনযাপনের ছবি দেখা যায়, যেখানে জাপান ও মেক্সিকো ভ্রমণ এবং পার্টির ছবি রয়েছে।