২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমধ্যসাগরে রাশিয়া থেকে আসা তেল ট্যাঙ্কার আটক করল ফ্রান্স

নিষেধাজ্ঞার আওতায় থাকা রাশিয়ার এই ট্যাঙ্কার জাহাজটি ‘ভুয়া পতাকা’ উড়িয়ে চলাচল করছিল বলে সন্দেহ করা হচ্ছে।

ভূমধ্যসাগরে রাশিয়া থেকে আসা তেল ট্যাঙ্কার আটক করল ফ্রান্স
ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2026, 12:18 AM

Updated : 26 Aug 2026, 05:37 PM

নিষেধাজ্ঞার আওতায় থাকা রাশিয়ার একটি তেলবাহী ট্যাঙ্কার ভূমধ্যসাগর থেকে আটক করেছে ফরাসি নৌবাহিনী। জাহাজটিতে ‘ভুয়া পতাকা’ উড়ানো হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে।

বৃহস্পতিবার সকালে পরিচালিত এই অভিযানের কথা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ নিশ্চিত করে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ। ‘গ্রিনচ’ নামের এই ট্যাংকার উত্তর রাশিয়ার মুরমানস্ক থেকে ছেড়ে এসেছিল।

মাক্রোঁ জানান, মিত্র দেশগুলোর সহায়তায় এবং সমুদ আইন বিষয়ক জাতিসংঘ সনদ পুরোপুরি মেনে ট্যাংকার আটকের অভিযান চালানো হয়েছে। পরে ফরাসি নৌবাহিনী নিশ্চিত করেছে যে, এই অভিযানে যুক্তরাজ্যও যুক্ত ছিল।

পশ্চিম ভূমধ্যসাগরে স্পেনের দক্ষিণ উপকূল এবং মরোক্কোর উত্তরাঞ্চলীয় উপকূলের মাঝামাঝি জায়গায় ট্যাংকারটি আটক করা হয় বলে আলাদা একটি বিবৃতিতে জানিয়েছে ফ্রান্সের সমুদ্র উপকূলীয় পুলিশ।

ফ্রান্সের প্রেসিডেন্ট মাক্রোঁ বলেন, “আমরা আন্তর্জাতিক আইন সমুন্নত রাখতে এবং নিষেধাজ্ঞার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। এই ধরনের ‘ছায়া নৌবহর’ কার্যক্রম ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনমূলক যুদ্ধে অর্থ জোগাতে সহায়তা করে।”

তাছাড়া, নিষেধাজ্ঞা থাকার পরও এই ধরনের নৌবহরের মাধ্যমে তেল রপ্তানি করতে পারে রাশিয়া। ট্যাংকার আটকের ঘটনায় একটি বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে এবং আটক ট্যাংকারটিকে অন্য একটি গন্তব্যে সরিয়ে নেওয়া হয়েছে। তবে জাহাজটিকে কোথায় রাখা হয়েছে তা জানানো হয়নি।

রাশিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়নের ১৯ প্যাকেজ নিষেধাজ্ঞা আরোপ করা আছে। তবে রাশিয়া এই নিষেধাজ্ঞার সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে এবং তারা ভারত ও চীনের মতো দেশগুলোতে কম দামে তেল বিক্রি অব্যাহত রেখেছে।