১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইরানের নতুন প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, চুক্তি নিয়ে সংশয়

হোয়াইট হাউজে সাংবাদিকদের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, “তারা একটি চুক্তি করতে চায়। কিন্তু আমি এতে সন্তুষ্ট নই।”

ইরানের নতুন প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, চুক্তি নিয়ে সংশয়
ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2026, 12:46 AM

Updated : 26 Aug 2026, 03:31 PM

ইরানের পক্ষ থেকে আসা যুদ্ধ অবসানের সর্বশেষ প্রস্তাবে অসন্তোষ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। 

একইসঙ্গে তেহরান কখনও কোনও চুক্তিতে পৌঁছাতে পারবে কি না, তা নিয়ে গভীর সংশয় প্রকাশ করেছেন তিনি।

হোয়াইট হাউজে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “তারা একটি চুক্তি করতে চায়। কিন্তু আমি এতে সন্তুষ্ট নই।”

ইরানের দেওয়া প্রস্তাবের ঠিক কোন জায়গাগুলোতে তার আপত্তি রয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি ট্রাম্প।

তবে তিনি ইঙ্গিত দিয়েছেন যে, তেহরানের শাসকরা হয়ত কখনোই আলোচনার মাধ্যমে একটি চূড়ান্ত নিষ্পত্তিতে আসতে সক্ষম হবে না।

হোয়াইট হাউজের সাউথ লনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প দাবি করেন, ইরানের শীর্ষ নেতৃত্বের মধ্যে ‘তীব্র মতভেদ’ রয়েছে। 

তিনি বলেন, “তারা কিছুটা অগ্রসর হয়েছে, কিন্তু তারা শেষ পর্যন্ত লক্ষ্যে পৌঁছাতে পারবে কি না তা নিয়ে আমি নিশ্চিত নই।”

ইরানি নেতৃত্বকে ‘খাপছাড়া’ আখ্যা দিয়ে তিনি আরও বলেন, “দেশটির নেতৃত্ব খুব অগোছালো হয়ে পড়েছে। সেখানে দুই থেকে তিনটি, এমনকি চারটি গ্রুপও থাকতে পারে। 

“তাদের নেতৃত্ব এখন পুরোপুরি অসংলগ্ন। তারা সবাই চুক্তি করতে চায় ঠিকই, কিন্তু তাদের নিজেদের মধ্যেই জগাখিচুড়ি অবস্থা।” 

গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তানি মধ্যস্থতাকারীদের কাছে একটি নতুন প্রস্তাব দিয়েছে ইরান। 

তেহরানের একটি কূটনৈতিক সূত্র সংবাদমাধ্যম আল-জাজিরাকে বিষয়টি নিশ্চিত করেছে।