১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অস্ট্রেলিয়ার বন্ডাই সৈকতে গুলিতে বন্দুকধারীসহ নিহত ১২

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আরও অন্তত ২৯ জন আহতকে হাসপাতালে নেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়ার বন্ডাই সৈকতে গুলিতে বন্দুকধারীসহ নিহত ১২
অস্ট্রেলিয়ার বন্ডাই বিচ। ফাইল ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2025, 08:56 PM

Updated : 26 Aug 2026, 05:19 PM

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের পুলিশ জানিয়েছে, সিডনি শহরের উপকূলের বিখ্যাত ও জনপ্রিয় সমুদ্র সৈকত বন্ডাই বিচে গুলিবর্ষণের এক ঘটনায় এক বন্দুকধারীসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন।

পুলিশের বরাতে বিবিসি জানিয়েছে, এই ঘটনায় আরও অন্তত ২৯ জন আহতকে হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার সময় দুইজন পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন। আরেক বন্দুধারী আহত অবস্থায় পুলিশ হেফাজতে আছেন। 

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বন্ডাই বিচের দৃশ্যাবলীকে ‘মর্মান্তিক ও পীড়াদায়ক’ বলে বর্ণনা করেছেন। 

পুলিশ একটি ‘এক্সক্লুশন জোন’ প্রতিষ্ঠা করেছে এবং সেখানে কোনো ধরনের ঘরে তৈরি বোমা থাকতে তা পরিষ্কার করার জন্য বিশেষায়িত সরঞ্জাম নিয়ে এসেছে। তবে জোনটি কোথায় তা নিশ্চিত করেনি তারা।  

সিডনি মর্নিং হেরাল্ডকে ৩০ বছর বয়সী প্রত্যক্ষদর্শী হ্যারি উইলসন বলেছেন, “আমি অন্তত ১০ জনকে মাটিতে পড়ে থাকতে দেখেছি আর সব জায়গায় রক্ত ছিল।” 

এক্সিকিউটিভ কাউন্সিল অফ অস্ট্রেলিয়ান জুউরির সহ-প্রধান নির্বাহী অ্যালেক্স রিভচিন স্কাই নিউজকে বলেছেন, সৈকতে সূর্যাস্তের সময় শুরু হওয়া ইহুদিদের আলোর উৎসব হানুক্কা উদযাপনের একটি অনুষ্ঠানে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।   

এই হামলায় তার গণমাধ্যম উপদেষ্টা আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। 

সামাজিক মাধ্যম এক্স এ ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, বন্ডাই বিচে অনেকগুলো গুলির শব্দ ও পুলিশের সাইরেন শোনা যাচ্ছে আর লোকজন সৈকতের ওপর দিয়ে বিক্ষিপ্তভাবে ছোটাছুটি করছেন।  

আরেকটি ভিডিওতে দেখা গেছে, উর্দি পরা পুলিশ পাঁয়ে চলা ছোট একটি সেতুর পাটাতনে দুইজন পুরুষকে চেপে ধরে আছেন। কর্মকর্তাদের তাদের মধ্যে একজনকে চাঙ্গা করে তোলার চেষ্টা করতে দেখা গেছে। তবে রয়টার্স তাৎক্ষণিভাবে এই ফুটেজের সত্যাসত্য যাচাই করতে পারেনি।