১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাশিয়ায় ইরান যুদ্ধে ‘জড়িত’ ৪০ ইসরায়েলিকে আটকের পর জিজ্ঞাসাবাদ

জিজ্ঞাসাবাদের সময় ইসরায়েলিদের বলা হয়, ইরান রাশিয়ার মিত্র আর তাই ‘ইরানের শত্রু রাশিয়ারও শত্রু’।

রাশিয়ায় ইরান যুদ্ধে ‘জড়িত’ ৪০ ইসরায়েলিকে আটকের পর জিজ্ঞাসাবাদ
রাশিয়ার রাজধানী মস্কোর ডোমোডেডোভো আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: এক্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2026, 02:50 PM

Updated : 26 Aug 2026, 03:27 PM

রাশিয়ার রাজধানীর ডোমোডেডোভো আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর প্রায় ৪০ জন ইসরায়েলিকে ইরান যুদ্ধে জড়িত থাকার জন্য আটক করেছে মস্কোর কর্তৃপক্ষ। 

রাশিয়ার সরকারবিরোধী সংবাদপত্র মিডিয়াজোনার বরাত দিয়ে জেরুজালেম পোস্ট জানিয়েছে, আটকের পর তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। 

সোমবার মিডিয়াজোনা জানিয়েছে, ওই ইসরায়েলিরা তেল আবিব থেকে একটি ফ্লাইটে করে মস্কো গিয়ে নেমেছিল। তাদের মধ্যে কয়েকজন ইসরায়েল ও রশিয়ার দ্বৈত নাগরিক। তাদের কয়েক ঘন্টা আটক করে রাখা হয়েছিল।  

মস্কোর নিরাপত্তা কর্মকর্তারা ওই ইসরায়েলিদের তাদের ফোন আনলক করতে বলেন, কিন্তু তারা তা করতে অস্বীকার করেন। পরে কর্তৃপক্ষ তাদের সব মোবাইল ডিভাইস বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। 

কয়েকটি সূত্র মিডিয়াজোনাকে জানিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় ইসরায়েলিদের বলা হয়, ইরান রাশিয়ার মিত্র আর তাই ‘ইরানের শত্রু রাশিয়ারও শত্রু’। তারপর তাদের বলা হয়, মস্কোতে তাদের ভ্রমণকে ‘স্বাগত জানানো হচ্ছে না’ আর তারা ‘বিনা কারণেই’ রাশিয়া গিয়েছে।  

তারপর ভ্রমণকালে তারা কোনো আইন ভাঙবে না এমন মুচলেকায় স্বাক্ষর রেখে তাদের ছেড়ে দেওয়া হয়। তবে রাশিয়ার নিরাপত্তা কর্মকর্তারা ইসরায়েলিদের সঙ্গে ‘ভালো’ ব্যবহার করেছে বলে সূত্রগুলো জানিয়েছে। 

জেরুজালেম পোস্ট জানিয়েছে, পরে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঘটনাটি ঘটেছে বলে নিশ্চিত করেছে। 

পোস্টকে ওই মুখপাত্র বলেছেন, “ঘটনাটি জানার পর পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার তার মন্ত্রণালয়ের কর্মীদের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন, পাশাপাশি রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ও মস্কোর ইসরায়েলি দূতাবাসকে ঘটনাটি জানানো হয়। এই হস্তক্ষেপের পর আটক ওই ইসরায়েলিদের ছেড়ে দেওয়া হয়।”