১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ভারতে ডনাল্ড ট্রাম্পের নামে সড়ক হচ্ছে, ক্ষুব্ধ বিজেপি

তেলঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী হায়দ্রাবাদের একটি প্রধান সড়কের নাম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নামে রাখার প্রস্তাব করেছেন। তবে ভারতীয় জনতা পার্টি এর তীব্র সমালোচনা করেছে।

ভারতে ডনাল্ড ট্রাম্পের নামে সড়ক হচ্ছে, ক্ষুব্ধ বিজেপি
ছবি: এক্স/এনডিটিভি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2025, 11:17 PM

Updated : 26 Aug 2026, 05:16 PM

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নামে ভারতে একটি রাস্তার নাম হতে চলেছে ‘ডনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’। এমনটি ঘটতে চলেছে হায়দ্রাবাদ শহরে।

ভারতের তেলঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডি রাজধানী হায়দরাবাদের একটি প্রধান সড়কের এই নাম রাখার প্রস্তাব করেছেন। 

ভারতীয় পত্রিকা এনডিটিভি জানায়, তেলঙ্গানার কংগ্রেস সরকারের সিদ্ধান্ত, হায়দ্রাবাদের যে রাস্তায় মার্কিন কনস্যুলেট জেনারেল ভবন আছে, সেটির নাম রাখা হোক বর্তমান মার্কিন প্রেসিডেন্টের নামে।

এই সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক। সরকারের বিরুদ্ধে সরব হয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। তাদের দাবি, হায়দ্রাবাদের কোনও রাস্তার নামকরণের আগে ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনা করা দরকার।

তেলঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি জানিয়েছেন, এখনও আনুষ্ঠানিকভাবে নামকরণের সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারকে জানানো হয়নি। তবে শিগগিরই পররাষ্ট্রমন্ত্রণালয় ও মার্কিন দূতাবাসকে চিঠি লিখে এ বিষয়ে অবহিত করা হবে।

দুইপক্ষ থেকে সবুজ সঙ্কেত মিললেই সড়কটির নাম বদলে হয়ে যাবে ‘ডনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’। 

আর কিছুদিন পরই ‘তেলঙ্গানা রাইজিং গ্লোবাল সামিট’ অনুষ্ঠিত হতে চলেছে। ফলে অনেকেই মনে করছেন, তার আগে দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে মনোযোগ আকর্ষণ করতেই এই পদক্ষেপ নিচ্ছে তেলঙ্গানা সরকার।

এবছরের শুরুতে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেড্ডি দিল্লিতে বার্ষিক মার্কিন-ভারত সম্মেলনে ভাষণ দিতে গিয়ে প্রস্তাব রেখেছিলেন, বিভিন্ন আন্তর্জাতিক ব্যক্তিত্বের নামে হায়দ্রাবাদের গুরুত্বপূর্ণ সড়কগুলোর নামকরণ করা হোক। এবার সে পথেই হাঁটছেন তিনি। 

কর্মকর্তাদের বিশ্বাস, যুক্তরাষ্ট্রের বাইরে কোনও বর্তমান প্রেসিডেন্টকে সম্মান জানানোর ক্ষেত্রে তার নামে সড়কের নামকরণের ঘটনা বিশ্বে এটিই প্রথম।

রাজ্যের নামকরণের উদ্যোগ কেবল রাজনৈতিক ব্যক্তিত্ব পর্যন্ত সীমাবদ্ধ নয়; বিশ্বব্যাপী ব্যবসা ও প্রযুক্তি ক্ষেত্রের নেতা যারা হায়দ্রাবাদকে প্রযুক্তি হাব হিসেবে গড়তে অবদান রেখেছেন তাদেরও সম্মান জানানোর পরিকল্পনা রয়েছে।

গুগল এবং গুগল ম্যাপের অবদানকে সম্মান জানাতে হায়দ্রাবাদের একটি প্রধান রাস্তার নামকরণ করা হবে গুগল স্ট্রিট। অন্যান্য সম্ভাব্য নামের মধ্যে রয়েছে “মাইক্রোসফট রোড” ও “উইপ্রো জংশন”। 

হায়দ্রাবাদের একটি গুরুত্বপূর্ণ রাস্তা রাভিরিয়ালার গ্রিনফিল্ড রেডিয়াল রিং রোডের নাম রাখা হবে প্রয়াত শিল্পপতি রতন টাটার নামে। রাভিরিয়ালা ইন্টারচেঞ্জের নাম ইতিমধ্যেই ‘টাটা ইন্টারচেঞ্জ’ হিসাবে মনোনীত হয়েছে।

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেড্ডি বলেন, বিশ্বব্যাপী প্রভাবশালী ব্যক্তি ও বৃহৎ কর্পোরেশনের নামে রাস্তার নামকরণ দুটি দিক থেকে গুরুত্বপূর্ণ: এর মাধ্যমে যথাযথ শ্রদ্ধা নিবেদন করা হবে এবং সাধারণ মানুষের মধ্যে এটি অনুপ্রেরণা জোগাবে,  একই সঙ্গে তা হায়দ্রাবাদকে বিশ্ব দরবারে এক উচ্চতর স্থানে পৌঁছে দেবে।

তবে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা বন্ডি সঞ্জয় কুমার এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, হায়দরাবাদকে “ভাগ্যানগর” নামে পুনঃনামকরণ করা উচিত। 

তিনি এক্স-এ লিখেছেন, “যদি কংগ্রেস সরকার নাম পরিবর্তনে এতই আগ্রহী হয়, তবে তারা এমন কিছু দিয়ে শুরু করতে পারত যা প্রকৃত ইতিহাস ও অর্থ বহন করে।”

তিনি আরও বলেন, “রেবন্ত রেড্ডি এখন যারা ট্রেন্ডিং, তাদের নামে স্থানের নামকরণ করছেন। বিজেপি-ই একমাত্র দল যা জনগণের বাস্তব সমস্যা নিয়ে সামনে আসে এবং মহাধর্ণার মাধ্যমে সরকারের দিকে প্রশ্ন তোলে।”