রাশিয়ায় সেতু ভেঙে পড়ল ট্রেনের উপর, নিহত ৭
ট্রেনটি ক্লিমোভো শহর থেকে মস্কো যাচ্ছিল
ইউক্রেইন সীমান্তের কাছে রাশিয়ার একটি হাইওয়ে সেতু ধসে রেললাইনের উপর পড়ে অন্তত সাতজন নিহত হয়েছেন।
বিবিসি লিখেছে, ব্রিয়ানস্ক এলাকার সেতুটি ধসে কয়েকটি ভারী ট্রাক যাত্রীবাহী একটি চলন্ত ট্রেনের ওপর পড়ে। এ ঘটনায় ৩১ জন আহতও হয়েছে।
রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল ট্রেনে যাত্রীদের খুঁজে বের করার চেষ্টা করছে।
মস্কো রেলওয়ে টেলিগ্রামে দাবি করেছে, পরিবহন কার্যক্রমে ‘অবৈধ হস্তক্ষেপের’ কারণে সেতুটি ধসে পড়েছে।
স্থানীয় গভর্নর আলেকজান্ডার বোগোমাজ টেলিগ্রামে বলেন, “দুর্ভাগ্যবশত সাতজন মারা গেছে। এক শিশুসহ আরও দুজন গুরুতর আহত হয়েছে।”
আহত যাত্রীদের ব্রিয়ানস্ক অঞ্চলের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
মস্কোর আন্তঃআঞ্চলিক পরিবহন প্রসিকিউটর অফিস জানিয়েছে, তারা ঘটনাটি তদন্ত শুরু করেছেন।
কর্তৃপক্ষ বলেছে, শনিবার সন্ধ্যায় সড়ক সেতুটি ট্রেনের উপর পড়ে যাওয়ায় ট্রেনের লোকোমোটিভ ও কয়েকটি বগি লাইনচ্যুত হয়।
অনলাইনে প্রকাশিত ছবিতে ছিন্নভিন্ন বগি এবং অন্ধকারে ধ্বংসস্তূপ থেকে যাত্রীদের একে অপরকে সাহায্য করতে দেখা গেছে।
রাশিয়ার সংবাদ সংস্থা তাস জানিয়েছে, অতিরিক্ত জরুরি কর্মী এবং রাতের কাজের জন্য উদ্ধার সরঞ্জাম ও আলোর ব্যবস্থা করা হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, ট্রেনটি ক্লিমোভো শহর থেকে মস্কো যাচ্ছিল, পথে ভাইগোনিচস্কি জেলায় সেতু ধসের ঘটনা ঘটে।
ওই এলাকাটি ইউক্রেইন সীমান্ত থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে। মস্কো রেলওয়ে বলেছে, যাত্রীদের নিরাপদে সরিয়ে নিয়ে কাছের একটি স্টেশনে নেওয়া হয়েছে।
“ব্রিয়ানস্ক থেকে মস্কো যাওয়ার জন্য একটি বিশেষ রিজার্ভ ট্রেনে তাদের যাত্রা অব্যাহত রাখার ব্যবস্থা করা হয়েছে।"
