১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

আহমেদাবাদে উড়োজাহাজ বিধ্বস্তের মুহূর্ত ভিডিওতে

লন্ডন দীর্ঘপথ হওয়ায় উড়োজাহাজটি জ্বালানিভরা ছিল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2025, 04:36 PM

Updated : 10 Sep 2026, 12:54 PM

ভারতের আহমেদাবাদ বিমানবন্দর থেকে প্রায় আড়াইশ আরোহী নিয়ে উড্ডয়নের পরপরই এয়ার ইনডিয়ার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে লন্ডনগামী ফ্লাইটটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয় বলে এনডিটিভি জানিয়েছে।

গুজরাটের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরটি আহমেদাবাদ থেকে ৯ কিলোমিটার দূরে অবস্থিত। এনডিটিভি লিখেছে, স্থানীয় সময় বেলা ১টা ৩৯ মিনিটে এআই ১৭১ ফ্লাইটটি রওনা হওয়ার পরপরই বিধ্বস্ত হয়।

এ ঘটনার প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজটি একটি আবাসিক এলাকার কয়েকটি বাড়ি ঘেঁষে নেমে যাচ্ছিল। এর পরপরই ভয়াবহ আগুন জ্বলে ওঠে।

এনডিটিভি লিখেছে, লন্ডন দীর্ঘপথ হওয়ায় উড়োজাহাজটি জ্বালানিভরা ছিল। ভূমি থেকে ৮২৫ ফুট উচ্চতায় ওঠার পর উড়োজাহাজটি আর উচ্চতা ধরে রাখতে পারেনি। এর পরই বিমানবন্দরের কাছে বেসামরিক এলাকা মেঘানি নগরে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

দুর্ঘটনার পর জরুরি কর্মীরা উদ্ধার কার্যক্রম শুরু করেন। ছবি: হিন্দু

দুর্ঘটনার পর জরুরি কর্মীরা উদ্ধার কার্যক্রম শুরু করেন

গ্যাটউইক বিমানবন্দরগামী ওই উড়োজাহাজে ২৩২ জন যাত্রী, দুজন পাইলট ও ১০ জন ক্রু ছিলেন।

আহমেদাবাদ বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের তথ্যের বরাতে রয়টার্স লিখেছে, উড়োজাহাজটি বিমানবন্দর ছাড়ার পরপরই ‘মে ডে’ সঙ্কেত দেয়। এরপর আর উড়োজাহাজের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

ফ্লাইট রাডার টোয়েন্টিফোরও বলেছে, উড্ডয়নের পরপরই তারা উড়োজাহাজটি থেকে শেষ সঙ্কেত পেয়েছে।

আনন্দবাজার লিখেছে, ওড়ার কিছুক্ষণের মধ্যে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। লোকালয়ে বিধ্বস্ত হওয়ায় হতাহতের সংখ্যা অনেক হতে পারে।

দুর্ঘটনার পরপরই বিমানবন্দটির কার্যক্রম ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন এক কর্মকর্তা।