১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভারতে নেমে মোদীর সঙ্গে বৈঠক মার্কিন রাষ্ট্রদূত গোরের

গোর এখনও রাষ্ট্রদূতের দায়িত্ব নেননি, কেবল ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতেই ছয় দিনের সফরে তিনি দিল্লি গেছেন।

ভারতে নেমে মোদীর সঙ্গে বৈঠক মার্কিন রাষ্ট্রদূত গোরের
মোদীর সঙ্গে সাক্ষাৎকালে গর ভারতীয় প্রধানমন্ত্রীকে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে মোদীর এক যৌথ সংবাদ সম্মেলনের একটি আলোকচিত্রও উপহার দেন। ফ্রেমে বাঁধানো ওই আলোকচিত্রটিতে ট্রাম্পের স্বাক্ষরও রয়েছে। ছবি: টাইমস অব ইন্ডিয়া

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2025, 01:32 PM

Updated : 26 Aug 2026, 02:27 PM

ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর জানিয়েছেন, তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তারা বাণিজ্য, প্রতিরক্ষা ও প্রযুক্তিসহ দ্বিপক্ষীয় নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন।

ভারতে হওয়া তাদের প্রথম এ বৈঠকে উভয় দেশের জন্য দুর্লভ খনিজের গুরুত্ব নিয়েও কথা হয়েছে, বলেছেন গোর।  

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ভারত থেকে আমদানি করা বেশিরভাগ পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করে রেখেছেন, যা যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক অংশীদার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ।

তার এ পদক্ষেপ ভারতের প্রায় ৫ হাজার কোটি ডলারের রপ্তানি পণ্যে প্রভাব ফেলবে এবং পোশাক, রত্ন, জুয়েলারি ও চিংড়ি খাতের মত বেশি শ্রমিক কাজ করে এমন খাতগুলোই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

“প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রী মোদীকে ব্যক্তিগত ও চমৎকার বন্ধু বিবেচনা করেন,” দিল্লির মার্কিন দূতাবাসে ভারতে দেওয়া প্রথম বক্তৃতায় একথা বলেন গোর।

শনিবার মোদী-গোর বৈঠক হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

বৈঠক নিয়ে এক্সে দেওয়া পোস্টে মোদী বলেছেন, “যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত সার্জিও গোরকে স্বাগত জানাতে পেরে আনন্দিত। তার সময়কালে যুক্তরাষ্ট্র-ভারত বিস্তৃত বৈশ্বিক কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার হবে বলে আমি আশাবাদী।”

ভারতে মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক কর্মকাণ্ড বিষয়ক বিশেষ দূত পদে গোরের নিয়োগ কয়েকদিন আগে মার্কিন সেনেটে নিশ্চিত হয়।

গোর ভারতে এসে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও দেখা করেছেন।

তবে তিনি এখনও রাষ্ট্রদূতের দায়িত্ব নেননি, কেবল ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতেই ছয়দিনের সফরে বৃহস্পতিবার তিনি ভারতে নামেন। 

সংবাদমাধ্যমে দেওয়া বিবৃতিতে গোর তার ভারতে রওনা হওয়ার আগে ট্রাম্প ও মোদীর মধ্যে যে ‘অনন্যসাধারণ’ ফোনালাপ হয়েছে তার কথাও বলেছেন। 

মোদীও জানিয়েছেন, গত সপ্তাহে তার সঙ্গে ট্রাম্পের কথা হয়েছে। তারা ‘বাণিজ্য আলোচনায় অর্জিত সাফল্য পর্যালোচনা করেছেন’ এবং আসছে সপ্তাহগুলোতে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতে সম্মত হয়েছেন। 

ট্রাম্প প্রথমে ভারতীয় পণ্যে শুল্ক বসিয়েছিলেন ২৫%, কিন্তু নয়া দিল্লি রাশিয়ার তেল কেনা অব্যাহত রাখায় এই শুল্ক দ্বিগুণ করা হয়। 

সাক্ষাৎকালে গোর ভারতীয় প্রধানমন্ত্রীকে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে তার যৌথ সংবাদ সম্মেলনের একটি আলোকচিত্রও উপহার দেন। ফ্রেমে বাঁধানো ওই আলোকচিত্রে ট্রাম্পের স্বাক্ষর রয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।