২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনের নভোরোদিভকা শহর দখলের দাবি রাশিয়ার

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রুশ বাহিনী পোকরোভস্ক নগরী থেকে ১২ কিলোমিটার  দূরের নভোরোদিভকা শহর দখল করেছে।

ইউক্রেইনের নভোরোদিভকা শহর দখলের দাবি রাশিয়ার
ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2024, 07:09 PM

Updated : 26 Aug 2026, 10:26 AM

ইউক্রেইনের পূর্বাঞ্চলে নভোরোদিভকা শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে রাশিয়া। তাছাড়া, শহরটির অদূরে পোকরোভস্ক নগরীর দিকে রুশ বাহিনীর অগ্রসর   হওয়ার   কথাও জানিয়েছে তারা।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রুশ বাহিনী পোকরোভস্ক নগরী থেকে ১২ কিলোমিটার (৭ মাইল) দূরের নভোরোদিভকা শহর দখল করেছে। এ শহরটি ইউক্রেইনীয় সেনাদের জন্য ওই এলাকায় গুরুত্বপূর্ণ একটি রেল ও সড়ক পরিবহণ কেন্দ্র। যুদ্ধের আগে সেখানকার জনসংখ্যা ছিল ১৪,০০০।

ইউক্রেইন বংশদ্ভুত প্রভাবশালী রুশপন্থি সামরিক ব্লগার ইউরি পোদোলিয়াকা একটি মানচিত্র প্রকাশ করেছেন। তাতে দেখা গেছে, রুশ বাহিনী পোকরোভস্ক থেকে ৭ কিলোমিটারেরও কম দূরত্বে অন্তত দুটি স্থানে হামলা চালাচ্ছে।

ইউক্রেইনের সামরিক বাহিনীর জেনারেল স্টাফ রোববার সন্ধ্যায় এক প্রতিবেদনে নভোরোদিভকা-সহ পোকরোভস্ক সেক্টরে লড়াইয়ের বিস্তারিত তুলে ধরেছেন। তিনি রাশিয়ার অগ্রগতির ২৯ টি চেষ্টা প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছেন।

তবে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র-পরিচালিত রেডিও লিবার্টি ইউক্রেইনের এক কর্মকর্তার নেওয়া সাক্ষাৎকারে প্রচার করে। তাতে ওই কর্মকর্তা জানিয়েছিলেন, ইউক্রেইনীয় বাহিনী নভোরোদিভকা ছেড়ে চলে গেছে। কারণ সেখানে তাদের অবস্থান নিজেদের সুরক্ষিত রাখার অনুকূলে ছিল না।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে হাজার হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ ইউক্রেইনীয়। ধ্বংসস্তুপে পরিণত হয়েছে বহু গ্রাম ও নগরী।

যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত ইউক্রেইনের এক পঞ্চমাংশ এলাকা রুশ বাহিনীর নিয়ন্ত্রণে চলে গেছে। সম্প্রতি রুশ বাহিনী পূর্ব ইউক্রেইনের এলাকা দখলে অগ্রসর হয়েছে। তাদের লক্ষ্য গোটা দনবাস অঞ্চল দখল করা, যে অঞ্চলটি আয়তনে যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যের প্রায় অর্ধেক।

জনপ্রিয় ইউক্রেইন যুদ্ধ বিষয়ক ব্লগ ডিপস্টেট জানিয়েছে, রুশ বাহিনী ইউক্রেইনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় নেভেলস্কে গ্রাম দখল করে নিয়েছে। তবে যুদ্ধে সংবাদ সংগ্রহে বিভিন্ন বিধিনিষেধের কারণে রয়টার্স স্বাধীনভাবে এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত সপ্তাহে বলেছিলেন, ইউক্রেইনের সেনারা রাশিয়ার সীমান্তবর্তী কুর্স্ক অঞ্চলে ঢুকেও পূর্ব ইউক্রেইনে রুশ সেনাদের অগ্রগতি রুখে দিতে পারেনি। তাছাড়া কিইভের প্রতিরক্ষাও আরও দুর্বল হয়েছে।

তবে ইউক্রেইনের শীর্ষ সামরিক কমান্ডার বৃহস্পতিবার বলেছেন, কুর্স্কে ইউক্রেইনীয় সেনাদের অনুপ্রবেশ ফলদায়ক হয়েছে। রুশ বাহিনী পোকরোভস্কে গত ৬ দিতে তাদের অগ্রযাত্রায় কোনও অগ্রগতি সাধন করতে পারেনি।