১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দক্ষিণ লেবানন দখলে নেওয়ার ডাক ইসরায়েলি মন্ত্রীর

ইসরায়েলের সীমান্ত লেবাননের দক্ষিণাঞ্চলে লিটানি নদী পর্যন্ত বাড়ানো উচিত- বলেছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ।

দক্ষিণ লেবানন দখলে নেওয়ার ডাক ইসরায়েলি মন্ত্রীর
লেবাননের সঙ্গেকার ইসরায়েল সীমান্তে ইসরায়েলি ট্যাংকের সামনে দাঁড়িয়ে সেনারা। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2026, 10:15 PM

Updated : 26 Aug 2026, 03:14 PM

দক্ষিণ লেবাননের ভূখণ্ড দখল করে নেওয়ার ডাক দিয়েছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। ইসরায়েলের সীমান্ত লেবাননের দক্ষিণাঞ্চলে লিটানি নদী পর্যন্ত বাড়ানো উচিত বলে মন্তব্য করেন তিনি।

লেবাননের দক্ষিণাঞ্চলে বিভিন্ন সেতু এবং বাড়িঘরের ওপর ইসরায়েলি সেনারা বোমা হামলা চালিয়ে আসছে। তাদের হামলার নিশানা ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী।

হিজবুল্লাহর সঙ্গে চলমান লড়াইয়ের মধ্যে লেবাননের ভূখন্ড দখল করা নিয়ে ইসরায়েলের ঊর্ধ্বতন একজন কর্মকর্তার এটিই সবচেয়ে প্রকাশ্য মন্তব্য।

গত ২ মার্চ হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়লে লেবানন আঞ্চলিক যুদ্ধে জড়িয়ে পড়ে। তখন থেকেই ইসরায়েল দক্ষিণ লেবাননের লিটানি নদী এলাকার সব বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ দেয় এবং সেখানকার হিজবুল্লাহ ঘাঁটি ধ্বংস করতে বিমান হামলা চালানো শুরু করে।

লেবানন কর্তৃপক্ষের হিসাবে ইসরায়েলের এই বিমান হামলা এবং স্থল হামলায় ১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। উদ্বাস্তু হয়েছে ১০ লাখের বেশি মানুষ।

এই পরিস্থিতির মধ্যেই সোমবার ইসরায়েলের এক বেতার অনুষ্ঠানে ইসরায়েলের অর্থমন্ত্রী স্মোট্রিচ বলেন, “লেবাননে সামরিক অভিযান সম্পূর্ণ এক ভিন্ন বাস্তবতায় শেষ হওয়া দরকার। এর মধ্যে হিজবুল্লাহকে ধ্বংসের সিদ্ধান্ত তো আছেই। তার সঙ্গে থাকবে ইসরায়েলের সীমান্ত বদলে ফেলার বিষয়টিও।

তিনি বলেন, “আমি বলছি- অবশ্যই… প্রতিটি আলোচনাতেই এটি আসা উচিত যে, ইসরায়েলের নতুন সীমান্ত হতে হবে লিটানি নদী পর্যন্ত।”

স্মোট্রিচ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভার ছোট্ট একটি কট্টর-ডান দলের নেতা। ইসরায়েলের সরকারি নীতির বাইরে গিয়ে তিনি প্রায়ই নানা মন্তব্য করেন।

তার দক্ষিণ লেবাননের ভূখন্ড দখল নিয়ে এই মন্তব্যের বিষয়ে নেতানিয়াহুর কার্যালয় তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া প্রকাশ করেনি।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজও এ মাসের শুরুতে লেবাননের ভূখন্ড দখলে নেওয়ার পরিকল্পনার বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন।

লেবানন হিজবুল্লাহকে নিরস্ত্র না করলে দেশটি ভূখন্ড হারানোর ঝুঁকিতে পড়তে পারে বলে তিনি হুঁশিয়ার করেছিলেন।