২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে ইমরান খানের দলের শতাধিক সদস্যের জেল

আদালতের রায়ে ৫৮ জনকে ১০ বছরের জেল দেওয়া হয়েছে। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী ইমরানের দলের পার্লামেন্ট সদস্য ও  ঊর্ধ্বতন নেতারা রয়েছেন। বাকিদের এক বছর থেকে তিন বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2025, 10:39 PM

Updated : 26 Aug 2026, 01:29 PM

পাকিস্তানে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থনে  ২০২৩ সালে দেশব্যাপী বিক্ষোভের জন্য তার দলের ১০০ জনেরও বেশি সদস্যকে জেল দিয়েছে সন্ত্রাস-বিরোধী একটি আদালত।

বৃহস্পতিবার আদালতের রায়ে এই সাজা ঘোষণা করা হয়। আদালতের আদেশ অনুযায়ী, ৫৮ জনকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে পার্লামেন্ট সদস্য ও দলীয় ঊর্ধ্বতন নেতারা রয়েছেন। 

বাকিদেরকে দেওয়া হয়েছে এক বছর থেকে তিন বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদের কারাদণ্ড। দণ্ডপ্রাপ্তদের মধ্যে আছেন ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ই-ইনসাফ (পিটিআই)-এর সংসদীয় নেতা ওমর আইয়ুব খান এবং নেতা শিবলি ফারাজ।

সাজা ঘোষণার রায়ে আদালত বলেছে, “অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।” পাকিস্তান সরকার ২০২৩ সালে বিক্ষোভ উস্কে দেওয়ার জন্য ইমরান খান ও অন্যান্য নেতাদেরকে অভিযুক্ত করেছে।

তবে ইমরান খান এ অভিযোগ অস্বীকার করেছেন এবং সব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়েছেন। তার দলকে নির্মূল করে দিতে সামরিক-বাহিনী সমর্থিত নিপীড়নের অংশ হিসাবে মামলাগুলো করা হয়েছে বলেই ভাষ্য ইমরানের। তবে সেনাবাহিনী এ অভিযোগ অস্বীকার করেছে।

২০২৩ সালের ৯ মে ইমরান খান গ্রেপ্তার হওয়ার পর দেশজুড়ে যে সহিংস বিক্ষোভ হয়, তাতে সামরিক ও সরকারি স্থাপনাগুলোতে হামলা হয়েছিল। এর মধ্যে রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনী সদর দপ্তরেও হামলা হয়।

সরকার বলছে, এসব হামলায় ইমরান খান এবং তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর নেতৃত্বে উসকানি দেওয়া হয়েছে।

কারাবন্দি ইমরান খান বর্তমানে দুর্নীতি, জমি কেলেঙ্কারি ও রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসসহ বিভিন্ন অভিযোগে বিচারের মুখোমুখি। এসব মামলার একটিতে ওই সহিংসতার ঘটনায় তার বিচার আলাদাভাবে চলছে।

বৃহস্পতিবার আদালতের দেওয়া রায় ইমরান খানের বিরুদ্ধে পৃথকভাবে চলা মামলার ওপর সরাসরি প্রভাব ফেলবে না। তবে এটি চলতি মাসে পিটিআই নেতাদের বিরুদ্ধে আদালতের দেওয়া তৃতীয় গণ-সাজা। 

দলটি জানিয়েছে, এখন পর্যন্ত অন্তত ১৪ জন সংসদ সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। ফলে তারা তাদের সংসদীয় আসন হারাবেন। এতে পিটিআইয়ের সাংবিধানিক শক্তি আরও দুর্বল হয়ে পড়বে।

আদালতের রায়ে বলা হয়, ফয়সালাবাদের একটি গোয়েন্দা সংস্থার দপ্তরে হামলার অভিযোগে ইমরানের দলের সদস্যদেরকে দণ্ড দেওয়া হয়েছে। তবে প্রমাণের অভাবে ৭৭ জনকে খালাস দেওয়া হয়েছে বলেও আদালত জানিয়েছে।

ইমরান খানের দল পিটিআই এই রায়ের বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে। দলটি আরও বলেছে, ৫ অগাস্ট ইমরানের গ্রেপ্তারের দ্বিতীয় বর্ষে দেশজুড়ে নতুন করে বিক্ষোভ শুরু করবে তারা।