Published : 29 Dec 2025, 01:25 PM
নেপালে জেন জি আন্দোলনের পর ক্ষমতাসীন অন্তর্বর্তী সরকারের অধীনে মার্চে পার্লামেন্টে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে সামনে রেখে পুরনো রাজনৈতিক দলগুলোকে চ্যালেঞ্জ জানাতে দেশটির দুই জনপ্রিয় নেতা একটি জোট গঠন করেছেন।
সংশ্লিষ্ট রাজনৈতিক দলটি কর্মকর্তারা ও বিশ্লেষকরা সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে এমনটি জানিয়েছেন।
দলীয় কর্মকর্তারা জানান, জনপ্রিয় র্যাপার থেকে রাজনীতিতে নেমে কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হওয়া বালেন্দ্র শাহ (বালেন নামে পরিচিত) রোববার সাবেক টেলিভিশন উপস্থাপক থেকে রাজনীতিক হয়ে ওঠা রাবি লাছিমানের নেতৃত্বাধীন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টিতে (আরএসপি) যোগ দিয়েছেন।
তারা জানান, ৫ মার্চের নির্বাচনে যদি আরএসপি জয়ী হয়, তাহলে সমঝোতা অনুযায়ী ৩৫ বছর বয়সী বালেন হবেন দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী আর লাছিমান (৪৮) দলীয় প্রধানই থাকবেন।
তারা উভয়েই ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে সেপ্টেম্বরের ‘জেন জি’ বা তরুণদের নেতৃত্বে হওয়া গণঅভ্যুত্থানে ওঠা দাবিগুলো পূরণের অঙ্গীকার করেছেন। ওই গণঅভ্যুত্থানের সময় সহিংসতায় ৭৭ জন নিহত হন এবং প্রধানমন্ত্রী কে. পি. শর্মা ওলি পদত্যাগ করেন।
বিশ্লেষক বিপিন অধিকারী বলেন, “বালেন ও তার তরুণ সমর্থকদের দলে টানা আরএসপির একটি অত্যন্ত বুদ্ধিদীপ্ত ও কৌশলগত পদক্ষেপ। এতে ঐতিহ্যবাহী দলগুলো তাদের তরুণ ভোটারদের হারানোর শঙ্কার মধ্যে পড়েছে।”
দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, নেপালের তিন কোটি জনসংখ্যার মধ্যে প্রায় এক কোটি ৯০ লাখ ভোটার আছেন। গণ-আন্দোলনের পর প্রায় ১০ লাখ নতুন ভোটার যুক্ত হয়েছেন যাদের অধিকাংশই তরুণ।
গণ-আন্দোলনের পর বালেন দেশটির রাজনীতির কেন্দ্র চলে আসেন। তিনি সেপ্টেম্বরের অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের অঘোষিত নেতা। তিনি সাবেক প্রধান বিচারপতি সুশিলা কার্কির নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করতে সাহায্য করেছিলেন। এই সরকারই ভোটের তত্ত্বাবধান করবে।
তবে কিছু সমালোচক আন্দোলনের সময় বালেনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের অভিযোগ, আন্দোলন চলাকালে বালেন শুধু সামাজিক মাধ্যমের পোস্টে সমর্থকদের উদ্দেশে বক্তৃতা দিয়েছেন কিন্তু প্রকাশ্যে তেমন একটা আসেননি।
ক্ষমতাচ্যুত ওলির নেপালের কমিউনিস্ট পার্টি (ঐক্যবদ্ধ মাক্সবাদী-লেনিনবাদী) তথা ইউএমএল এবং মধ্যপন্থি নেপালি কংগ্রেস পার্টি গত তিন দশকের অধিকাংশ সময় দেশটির ক্ষমতার অংশীদার ছিল। এই দুটি দলই সম্ভবত বালেনের চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে।
২০২২ সালের নির্বাচনের আগে লাছিমান আরএসপি প্রতিষ্ঠা করেন। টেলিভিশনের উপস্থাপক হিসেবে দুর্নীতিবিরোধী প্রচারণা চালিয়ে তিনি আগে থেকেই জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তবে তার বিরুদ্ধে ক্ষুদ্র আমানতকারীদের কাছ থেকে সমবায়ের মাধ্যমে সংগৃহীত তহবিল অপব্যবহারের অভিযোগ আছে, এ নিয়ে এক মামলায় জামিনে আছেন তিনি।
নেপালি কংগ্রেস পার্টির মুখপাত্র প্রকাশ শরণ মাহাত বলেছেন, বালেন ও লাছিমান, উভয়েই ‘বিতর্কিত’ নেতা আর নির্বাচনে তাদের জোটের উল্লেখযোগ্য প্রভাব ফেলার সম্ভাবনা কম।
রয়টার্সকে মাহাত বলেন, “আমার মনে হয় না, তাদের জোটের কারণে বড় ধরনের কোনো উত্থান-পতন হবে। লোকজন এখনও পুরনো ও অভিজ্ঞ দলগুলোকেই পছন্দ করে।”