টেক্সাসে কমেছে বানের পানি, মৃত্যু বেড়ে ২৭
গুয়াডালুপে নদীর তীরে অবস্থিত ক্যাম্প মিস্টিক সামার ক্যাম্প থেকে নিখোঁজ ২৭ বালিকার সন্ধান এখনও পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের কার কাউন্টিতে হড়কা বানে মৃতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। মৃতদের মধ্যে নয়জন শিশু বলে শনিবার নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
এ ঘটনায় একটি গ্রীষ্মকালীন ক্যাম্পে থাকা শিশুদের মধ্যে অন্তত ২৩ থেকে ২৫ জন নিখোঁজ রয়েছেন বলে রয়টার্স জানিয়েছে।
কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, গুয়াডালুপে নদীর তীরে অবস্থিত ক্যাম্প মিস্টিক সামার ক্যাম্প থেকে নিখোঁজ ২৭ বালিকার সন্ধান এখনও পাওয়া যায়নি। হড়কা বানের ধাক্কায় এই ক্যাম্পটি ধ্বংস হয়ে গেছে।
১৯২৬ সালে প্রতিষ্ঠিত ক্যাম্প মিস্টিক একটি বেসরকারি খ্রিস্টান গ্রীষ্মকালীন ক্যাম্প, যা কেবল মেয়েদের জন্য। এটি কারভিল শহর থেকে ১৮ মাইল উত্তরপশ্চিমে অবস্থিত।
নিখোঁজ ও জীবিতদের সন্ধানে উদ্ধারকর্মীরা নিবিড় তল্লাশি চালিয়ে যাচ্ছেন। কার কাউন্টির শেরিফ দপ্তর জানিয়েছে, গুয়াডালুপে নদীর তীরবর্তী এলাকাগুলো থেকে বানের পানি নামতে শুরু করেছে, এসব এলাকাগুলো থেকে ৮০০ জনের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
এক সংবাদ সম্মেলনে কার কাউন্টির শেরিফ ল্যারি লেইথা বলেছেন, “প্রত্যেককে না পাওয়া পর্যন্ত আমরা থামবো না।”
হড়কা বান নেমে আসার সময় ক্যাম্প মিস্টিকের কাছে গুয়াডালুপে নদীর পানি দ্রুতবেগে বেড়ে ২৯ ফুট উঁচু দিয়ে বইতে থাকে।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে, কার কাউন্টিতে হড়কা বানজনিত জরুরি অবস্থা প্রায় শেষ হয়ে এসেছে।
কার কাউন্টির অবস্থান টেক্সাসের হিল কাউন্ট্রি অঞ্চলে। গ্রামীণ এই এলাকাটি এর উঁচুনিচু রুক্ষ ভূখণ্ড, ঐতিহাসিক শহর ও অন্যান্য পর্যটন আকর্ষণের জন্য পরিচিত।
শুক্রবার ভোররাতের দিকে বজ্রঝড়ের পর টেক্সাসের এই অঞ্চলে প্রবল বৃষ্টিপাত হয়। এ সময় প্রায় এক ফুট সমপরিমাণ বৃষ্টি হয় বলে আবহাওয়া পরিষেবা জানিয়েছে।
টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক জানিয়েছেন, এখনও অজ্ঞাত সংখ্যক মানুষ নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে ৫০০ জনের মতো উদ্ধারকর্মী তল্লাশি চালাচ্ছেন। এসব মানুষের অনেকেই গুয়াডালুপে নদীর তীরে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপন করতে এসেছিলেন।
ফক্স নিউজ লাইভকে তিনি বলেন, “নদীর তীরের তাঁবুগুলোতে, নদীর পাশে ছোট ছোট ট্রেইলার হোমগুলোতে, পাশের ভাড়া বাড়িগুলোতে কতো লোক ছিলেন আমরা তা জানি না। কারণ স্বাধীনতা দিবসের ছুটির দিন চলছিল।”
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বন্যার ঘটনায় সাড়া দিয়ে অঙ্গরাজ্য ও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে কাজ করছে ফেডারেল সরকার।
কার কাউন্টির প্রশাসনিক সদর দপ্তর কারভিলের নগর ব্যবস্থাপক ডাল্টন রাইস শুক্রবার সাংবাদিকদের জানিয়েছেন, ভোরের আগেই হড়কা বান এসে আঘাত হানে, তখন সতর্কতা জানানোর তেমন বা কোনো সুযোগ ছিল না। গুয়াডালুপে নদীর পানি দুই ঘণ্টারও কম সময়ের মধ্যে দ্রুত বড় বন্যার পর্যায় ছাড়িয়ে যায়, এতে কর্তৃপক্ষ আগাম সরিয়ে নেওয়ার আদেশ জারি করার কোনো সুযোগ পায়নি।
শুক্রবারের আগেই বৃহস্পতিবার অঙ্গরাজ্যের জরুরি ব্যবস্থাপনা কর্মকর্তারা জাতীয় আবহাওয়া পরিষেবার পূর্বাভাস উদ্ধৃত করে সতর্কতা জানিয়ে বলেছিলেন, টেক্সাসের মধ্য ও পশ্চিমাঞ্চলে ব্যাপক বৃষ্টি হতে পারে আর তাতে আকস্মিক বন্যার হুমকি সৃষ্টি হতে পারে।
শুক্রবার রাতে এক সংবাদ সম্মেলনে টেক্সাস ডিভিশনের জরুরি ব্যবস্থাপনার পরিচালক ডব্লিউ নিম কিড বলেন, “যাই হোক, যে পরিমাণ বৃষ্টি আমরা দেখলাম তা ওই আবহাওয়া পূর্বাভাস ধারণা করতে পারেনি।”
এদিকে, যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা দক্ষিণ মধ্যাঞ্চলীয় টেক্সাসের কোমল কাউন্টিতে আকস্মিক বন্যার জরুরি সতর্কাবস্থা জারি করেছে।
