Published : 09 Dec 2025, 11:48 PM
হলিউডের কিংবদন্তী স্টুডিও ও স্ট্রিমিং সাম্রাজ্য ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি কেনা নিয়ে তুঘলকি কাণ্ড বেঁধেছে। মালিকানা পাওয়া নিয়ে শুরু হয়েছে দ্বিমুখী যুদ্ধ। নেটফ্লিক্সের পথে বড় বাধা হয়ে মাঠে নেমেছে প্যারামাউন্ট স্কাইড্যান্স।
স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি কিনে নিতে প্রতিযোগিতার মাধ্যমে দরদাম ঠিক করে ফেলেছিল আগেই। অধিগ্রহণের জন্য চুক্তিমূল্য ছিল ৭ হাজার ২০০ কোটি ডলার।
এতদিন এই প্রস্তাবকেই সবচেয়ে সম্ভাব্য মনে করা হচ্ছিল এবং ধরেও নেওয়া হয়েছিল যে, নেটফ্লিক্সের মালিকানায় যাচ্ছে ওয়ার্নার ব্রাদার্স। কিন্তু সোমবার আকস্মিকভাবে প্যারামাউন্ট সব হিসেব পাল্টে দিয়েছে।
ওয়ার্নার ব্রাদার্স কিনতে তারা ১০ হাজার ৮৪০ কোটি ডলার দর হাঁকিয়েছে। একে নেটফ্লিক্সের প্রস্তাবের প্রতিকূল দর (হোস্টাইল বিড) হিসেবেই দেখা হচ্ছে। আর এতেই পাল্টে গেছে পুরো চিত্র।
প্যারামাউন্ট এভাবে মাঠে নামার মানে দাঁড়াচ্ছে- ওয়ার্নার ব্রাদার্স এবং এর জনপ্রিয় টিভি চ্যানেল এইচবিও এবং ডিসি কমিক্স এর মতো মূল্যবান সম্পদ দখলের লড়াই সহজে শেষ হচ্ছে না।
সোমবার ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির পরিচালনা পর্ষদ জানায়, তারা প্যারামাউন্টের প্রস্তাব পর্যালোচনা দেখছে। তবে নেটফ্লিক্সের বিষয়ে তারা তাদের সুপারিশ পরিবর্তন করছে না। তারা প্যারামাউন্ট স্কাইড্যান্সের প্রস্তাবের বিষয়ে ‘এ মুহূর্তে কোনও পদক্ষেপ না নেওয়ার’ পরামর্শ দিয়েছে কোম্পানিটিকে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়ার্নার ব্রাদার্স কেনার জন্য শেয়ার প্রতি ৩০ ডলার মূল্য প্রস্তাব করেছে প্যারামাউন্ট। এতে অর্থায়ন করছে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বিনিয়োগ প্রতিষ্ঠান অ্যাফিনিটি পার্টনার্স।
এতে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সরকার-পরিচালিত বিনিয়োগ তহবিল এবং এলিসন পরিবারও রয়েছে। বিশ্বের দ্বিতীয় ধনী ল্যারি এলিসন হলেন প্যারামাউন্টের প্রধান ডেভিড এলিসনের বাবা এবং হোয়াইট হাউসের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক আছে।
‘ওয়াল স্ট্রিট জার্নাল’ হোয়াইট হাউজের এক কর্মকর্তা এবং এ বিষয় সম্পর্কে ওয়াকিবহাল একজনের বরাত দিয়ে জানিয়েছে, নেটফ্লিক্স চুক্তি ঘোষণার পর ল্যারি এলিসন ট্রাম্পকে ফোন করে বলেছিলেন, এই লেনদেন প্রতিযোগিতার ক্ষতি করবে।
প্যারামাউন্ট স্টুডিও যুক্তি দেখিয়ে বলছে, ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির জন্য তাদের দর নেটফ্লিক্সের চেয়ে ভাল। কারণ এতে শেয়ারহোল্ডাররা ১ হাজার ৮০০ কোটি ডলার বেশি নগদ অর্থ পাবে এবং নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়াও তাদের জন্য সহজ হয়ে যাবে।
প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্সের একত্রীকরণ ইতিহাসের সবচেয়ে বড় মিডিয়া চুক্তিগুলোর অন্যতম হবে। সম্মিলিত এ প্রতিষ্ঠান সৃজনশীল সম্প্রদায়, সিনেমা হল ও দর্শকদের জন্য দারুণ হবে বলেই দাবি প্যারামাউন্ট স্কাইড্যান্সের।
কারণ, এতে ওয়ার্নার ব্রাদার্স বৃহত্তর প্রতিযোগিতা থেকে সুবিধা পাবে। প্যারামাউন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড এলিসন এক বিবৃতিতে বলেছেন, “আমরা বিশ্বাস করি, আমাদের প্রস্তাব হলিউডকে আরও শক্তিশালী করে তৈরি করবে।”
প্যারামাউন্টের দরে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির ক্যাব্ল টেলিভিশন সম্পত্তিও রয়েছে। অন্যদিকে, নেটফ্লিক্সের দর কেবল ওয়ার্নার ব্রস ফিল্ম, টেলিভিশন স্টুডিও, এইচবিও এবং এইচবিও ম্যাক্স স্ট্রিমিং পরিষেবার মধ্যেই সীমিত।
যদি ওয়ার্নার ব্রাদার্স প্যারামাউন্টের প্রস্তাব মেনে নেয় তাহলে তাদেরকে নেটফ্লিক্সকে চুক্তি ভঙ্গের জন্য (ব্রেকআপ ফি) ২৮০ কোটি ডলার দিতে হবে।
আবার নেটফ্লিক্সকেও চুক্তি ব্যর্থ হওয়ার ফলে ৫৮০ কোটি ডলার মাশুল গুনতে হতে পারে এবং কঠোর অ্যান্টিট্রাস্ট যাচাই প্রক্রিয়ার মুখে পড়তে হতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ইতিমধ্যেই তাদের প্রস্তাব নিয়ে প্রশ্ন তুলেছেন।
স্টক মার্কেটে সোমবার প্যারামাউন্টের শেয়ার ৭.৩ শতাংশ বেড়েছে, ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির শেয়ার ৫.৩ শতাংশ বেড়েছে, নেটফ্লিক্সের শেয়ার ৪ শতাংশ কমেছে।
ইমার্কেটারের জ্যেষ্ঠ বিশ্লেষক রস বেনেসে বলেন, ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির অধিগ্রহণ এখনও শেষ হয়নি। প্যারামাউন্টের শেয়ারহোল্ডাররা নিয়ন্ত্রক ও রাজনীতিবিদদের মাধ্যমে নেটফ্লিক্সকে ঠেকানোর চেষ্টা করবে। এই লড়াই দীর্ঘ হতে পারে।
প্যারামাউন্ট বলছে, তারা হলিউড এবং সেখানকার প্রতিভাধর ব্যক্তিদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে, সিনেমা থিয়েটারে ছবি মুক্তি দেওয়া অব্যাহত রাখবে এবং নিয়ন্ত্রক অনুমোদনের পথ নেটফ্লিক্সের চেয়ে দ্রুত হবে।