১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

একাধিক ইরাকি তেল ট্যাঙ্কারকে হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি ইরানের

যুদ্ধের কারণে হরমুজ প্রণালি বন্ধ থাকায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত পারস্য উপসাগরীয় দেশগুলোর একটি হল ইরাক।

একাধিক ইরাকি তেল ট্যাঙ্কারকে হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি ইরানের
বাগদাদে ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদির সঙ্গে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2026, 07:21 PM

Updated : 11 Sep 2026, 03:53 PM

ইরাকের বেশ কয়েকটি তেল ট্যাঙ্কারকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান। 

শনিবার ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনা জানায়, বিভিন্ন চ্যানেলে বাগদাদের বারবার অনুরোধের প্রেক্ষিতে এ ‍অনুমতি দেয় তেহরান।  

ইরনা আরও জানায়, ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফের ইরাক সফরকালে বাগদাদের প্রধান অনুরোধ ছিল ইরাকি তেল ট্যাঙ্কারগুলোকে হরমুজ পার হওয়ার বিশেষ অনুমতি দেওয়া। 

ইরাকের প্রেসিডেন্ট নিজার আমেদি শনিবার জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানির বিষয়ে বাগদাদ ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছে আর সম্প্রতি প্রণালিটি দিয়ে ইরাকি তেলবাহী জাহাজ চলাচলে ইরান সহায়তা করেছে। 

বাগদাদ ডায়লগ সম্মেলনে কথা কথা বলার আমেদি বলেন, “বিষয়টি জটিলই রয়ে গেছে।” 

ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তেহরান কার্যকরভাবে জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি বন্ধ করে রেখেছে। যুদ্ধ শুরুর আগে এই প্রণালি দিয়ে বিশ্বের এক পঞ্চমাংশ তেল ও গ্যাস সরবরাহ হতো।  

হরমুজ প্রণালি বন্ধ করে রাখায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অন্যতম ইরাক। এখন এই প্রণালিতে দিয়ে খুব অল্প জাহাজ চলাচল করে আর প্রায়ই হামলার শিকার হয়।   

ইরান যুদ্ধ শুরু হওয়ার আগে ইরাক দৈনিক প্রায় ৪০ লাখ ব্যারেল তেল উৎপাদন করতো। দেশটির প্রধানমন্ত্রী আলি আল-জাইদি শুক্রবার জানিয়েছেন, বাগদাদ তুরস্কের জেহান বন্দরের মাধ্যমে তাদের রপ্তানি বাড়ানোর পাশাপাশি সিরিয়ার বানিয়াস বন্দর ও জর্ডানের আকাবা বন্দর দিয়ে তেল রপ্তানি শুরু করার লক্ষ্যে কাজ করছে।  

আরও পড়ুন:

'শক্তিশালী অবস্থানে' থেকে যুদ্ধ শেষ করতে চান ইরানের প্রেসিডেন্ট