২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

প্রথম বিদেশ সফরে সৌদি আরবে সিরিয়ার অন্তবর্তী প্রেসিডেন্ট

বাশার আল-আসাদকে ক্ষমতা থেকে উচ্ছেদ করার প্রায় দুই মাস পর আল-শারাকে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2025, 03:44 PM

Updated : 26 Aug 2026, 11:43 AM

সিরিয়ার নতুন নিয়োগপ্রাপ্ত অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা প্রথম বিদেশ সফরে সৌদি আরবে গেছেন। সফরে তার সঙ্গী হয়েছেন দেশটির অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল-শিবানি।   

সিরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সানা জানিয়েছে, সফরকালে আল-শারা সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করবেন।  

সামাজিক মাধ্যম এক্স এ সিরিয়ার প্রেসিডেন্ট দপ্তরের পোস্ট করা একটি ছবিতে দেখা গেছে, আল-শারা ও তার পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরবের পথে আছেন।  

সিরিয়ার ক্ষমতা থেকে বাশার আল-আসাদকে উচ্ছেদ করার প্রায় দুই মাস পর আল-শারাকে দেশটির অন্তর্বর্তী পর্যায়ের প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়। ক্ষমতা থেকে আসাদকে উৎখাতে চালানো অভিযানে অংশ নেওয়া সামরিক কমান্ডারদের বুধবারের এক সম্মেলনে এ সিদ্ধান্ত হয়। 

ওই অভিযানে নেতৃত্ব দেওয়া ইসলামপন্থি হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) গোষ্ঠীর প্রধান নেতা আল-শারা। এইচটিএস জঙ্গি গোষ্ঠী আল কায়েদার সাবেক শাখা।

সিরিয়ার গৃহযুদ্ধ চলাকালে নুসরা ফ্রন্ট দেশটিতে আল কায়েদার শাখা ছিল। নুসরা ফ্রন্ট ২০১৬ সালে আল কায়েদার সঙ্গে সম্পর্কচ্ছেদ করে হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) নামে পরিচিত হয়ে ওঠে।

জানুয়ারিতে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান সিরিয়ার রাজধানী দামেস্ক সফর করেন। ফয়সাল জানিয়েছেন, সিরিয়ার ওপর যুক্তরাষ্ট্র ও ইউরোপের আরোপ করে রাখা অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে সহায়তা করতে সৌদি আরব আলোচনা চালিয়ে যাচ্ছে।   

আরও পড়ুন: 

আল-শারাকে সিরিয়ার অন্তর্বর্তী পর্যায়ের প্রেসিডেন্ট ঘোষণা