১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কলম্বিয়ায় ‘ফার্কের শান্তিচুক্তি বিরোধী অংশের’ দুই হামলায় নিহত ১৮

রেভ্যুলেশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার (ফার্ক) মূলধারা থেকে বিচ্ছিন্ন এ অংশগুলো ২০১৬ সালে সরকারের সঙ্গে হওয়া শান্তি চুক্তি না মেনে এখনও সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাচ্ছে।

কলম্বিয়ায় ‘ফার্কের শান্তিচুক্তি বিরোধী অংশের’ দুই হামলায় নিহত ১৮
ক্যালিতে কলম্বিয়ান অ্যারোস্পেস বাহিনীর একটি ঘাঁটির কাছে বিস্ফোরকবোঝাই একটি মালগাড়ি বিস্ফোরিত হয়। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2025, 10:00 AM

Updated : 26 Aug 2026, 01:37 PM

কলম্বিয়ায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবারের এই দুই হামলার জন্য একসময়কার গেরিলা গ্রুপ ফার্কের শান্তিচুক্তি বিরোধী আলাদা আলাদা গোষ্ঠীকে দায়ী করা হচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দক্ষিণ আমেরিকার দেশটির তৃতীয় জনবহুল শহর ক্যালিতে বৃহস্পতিবার কলম্বিয়ান অ্যারোস্পেস বাহিনীর একটি ঘাঁটির কাছে বিস্ফোরকবোঝাই একটি মালগাড়ি বিস্ফোরিত হয়। 

এতে ছয়জন নিহত ও ৭১ জন আহত হয়েছে বলে জানিয়েছেন শহরটির মেয়র। 

কয়েক ঘণ্টা আগে অ্যান্টিওকিয়ার আমালফি পৌরসভায় কোকা পাতা ফসল ধ্বংসের অভিযানে অংশ নেওয়া কলম্বিয়ার ন্যাশনাল পুলিশের একটি ব্ল্যাকহক হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করা হলে সেখানে থাকা বাহিনীটির ১২ কর্মকর্তা নিহত হয়।

দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো পরে এ হামলাগুলোর জন্য ফার্কের শান্তিচুক্তি বিরোধী অংশগুলোকে দায়ী করেছেন। 

রেভ্যুলেশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার (ফার্ক) মূলধারা থেকে বিচ্ছিন্ন এ অংশগুলো ২০১৬ সালে সরকারের সঙ্গে হওয়া শান্তি চুক্তি না মেনে এখনও সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাচ্ছে।

গত শতকের ষাটের দশক থেকে কলম্বিয়ায় সেনাবাহিনীর সঙ্গে ফার্কের লড়াই শুরু হয়। শান্তিচুক্তির আগ পর্যন্ত কয়েক দশকের ওই লড়াইয়ে সাড়ে চার লাখের বেশি মানুষের প্রাণ গেছে।