১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

স্যুপে প্রস্রাব, দুই চীনা কিশোরকে ৩ লাখ ডলার জরিমানা

ঘটনার সাত মাস পর আদালত কিশোরদেরকে এই জরিমানা করেছে। তাদের ‘অপমানজনক’ কাজ রেস্তোরার সুনাম নষ্ট করেছে, মানুষও অস্বস্তিতে পড়েছে- বলা হয় রায়ে।

স্যুপে প্রস্রাব, দুই চীনা কিশোরকে ৩ লাখ ডলার জরিমানা
ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2025, 11:58 PM

Updated : 26 Aug 2026, 02:18 PM

চীনের এক নামকরা রেস্তরাঁয় ঢুকে স্যুপের পাত্রে প্রস্রাব করার অভিযোগে দুই কিশোরকে ২২ লাখ ইউয়ান (৩ লাখ ৯,০০০ মার্কিন ডলার) জরিমানার নির্দেশ দিয়েছে আদালত। 

ঘটনার সাত মাস পর অবশেষে সাজা পেল অভিযুক্ত দুই কিশোর। ঘটনাটি ঘটেছিল এ বছরের ফেব্রুয়ারিতে। চীনের সবচেয়ে বড় এবং জনপ্রিয় হটপট রেস্তরাঁ হাইদিলাও-এর সাংহাই শাখায় ঢুকেছিল ১৭ বছরের দুই কিশোর।

মদ্যপ অবস্থায় রেস্তরাঁয় ঢুকেই তারা ডাইনিং রুমের ভাপ ওঠা স্যুপের পাত্রে প্রস্রাব করে। সেই ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টও করে দুই কিশোর। মুহূর্তের মধ্যেই সেই ভিডিও ছড়িয়ে পড়ে অনলাইনে ব্যাপক সমালোচনা শুরু হয়। 

যদিও কেউ ওই স্যুপ খেয়েছে বলে প্রমাণ মেলেনি, তবে ঘটনাটির পর হাইদিলাও কয়েক হাজার খদ্দেরকে ক্ষতিপূরণ দিয়েছিল। 

মার্চ মাসে হাইদিলাও আদালতে ২ কোটি ৩০ লাখেরও বেশি ইউয়ান ক্ষতিপূরণ দাবি করে, যা গ্রাহকদের ক্ষতিপূরণ বাবদ রেস্তোঁরাটির ব্যয়ের ভিত্তিতে হিসাব করা হয়েছিল।

গত শুক্রবার এই মামলায় রায় দিয়েছে সাংহাইয়ের একটি আদালত। রায়ে বলা হয়েছে, অভিযুক্ত দুই কিশোর তাদের ‘অপমানজনক’ কাজের মাধ্যমে কোম্পানির সম্পত্তির অধিকার এবং সুনাম নষ্ট করেছে।

ওই ঘটনায় কেবল খাবার দূষিতই হয়নি বরং, জনসাধারণের মধ্যেও তীব্র অস্বস্তি সৃষ্টি হয়েছে। আদালত আরও বলেছে, দুই কিশোরের বাবা-মা অভিভাবক হিসাবে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। তাই এই কিশোরদের পরিবারকে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে রেস্তোঁরাকে।

আদালত রেস্তোঁরার সুনাম নষ্ট ও ব্যবসায়িক ক্ষতির জন্য ২০ লাখ ইউয়ান, বাসনপত্র নোংরা করার সাজা হিসাবে এবং পরিষ্কারের খরচ বাবদ ১,৩০,০০০ ইউয়ান এবং আইনি খরচ বাবদ ৭০,০০০ ইউয়ান দেওয়ার নির্দেশ দিয়েছে  দুই কিশোরকে।

তবে আদালত বলেছে, গ্রাহকদের যে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত হাইদিলাও নিয়েছিল তা ছিল তাদের ব্যবসায়িক উদ্যোগ, তাই সেই অর্থ পরিশোধ করা কিশোরদের ওপরে বর্তায় না।

ঘটনার পর ২৪ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত রেস্তোরাটিতে যাওয়া ৪ হাজারের বেশি ক্রেতাকে সম্পূর্ণ বিল ফেরত দিয়ে তার ১০ গুণ অর্থ ক্ষতিপূরণ দিয়েছিল হাইদিলাও। সেই সঙ্গে সব সরঞ্জাম পাল্টে পরিষ্কার ও জীবাণুমুক্ত করা হয়।

সব মিলিয়ে ২ কোটি ৩০ লাখ ইউয়ানেরও বেশি ক্ষতি হয় রেস্তোঁরাটির। সিচুয়ান প্রদেশের জিয়ানইয়াং-এ প্রথম রেস্তোরা দিয়ে যাত্রা শুরু করা হাইদিলাও বর্তমানে বিশ্বজুড়ে এক হাজারেরও বেশি শাখা পরিচালনা করছে। 

গ্রাহক সেবার জন্য খ্যাত এই চেইন রেস্তোঁরায় খাবারের জন্য অপেক্ষমাণ নারীদের ম্যানিকিউর করানো ও শিশুদের ক্যান্ডি ফ্লস দেওয়ার বিশেষ ব্যবস্থা রয়েছে।