১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইরান প্রতিরোধের মাধ্যমে শত্রুর যুদ্ধাভিযানকে পরাজয়ে রূপান্তর করেছে: মুখপাত্র

এই সংঘাতের ফলাফল ইরানের প্রভাব, অধ্যবসায় ও মর্যাদা অন্বেষণের এক স্থায়ী উদাহরণ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন তিনি।

ইরান প্রতিরোধের মাধ্যমে শত্রুর যুদ্ধাভিযানকে পরাজয়ে রূপান্তর করেছে: মুখপাত্র
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি। ছবি: পার্স টুডে

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2026, 04:13 PM

Updated : 11 Sep 2026, 03:24 PM

ইসরায়েলি শাসক গোষ্ঠী ও তাদের মার্কিন সমর্থকরা গত বছরের জুনে ইরানের বিরুদ্ধে যে ১২ দিনের যুদ্ধ চাপিয়ে দিয়েছিল, ইরানি জাতির অবিচলতা, ত্যাগ ও দৃঢ়তা তাদের উদ্দেশ্যকে পরাজিত করেছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, ১৩ জুন ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার এক বছর পূর্তিতে এক্স এ পোস্ট করা এক বার্তায় মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন, আগ্রাসনকারীরা বিজয় নিশ্চিত করতে পারবে, এমন ভ্রান্ত ধারণা নিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করে আক্রমণ শুরু করেছিল। তারা এমন একটি জাতির বিরুদ্ধে অতর্কিত আক্রমণের পথ খুলেছিল যাদের প্রতিরোধ ও শত্রু পরাজিত করার নজির ইতিহাসে সুপ্রতিষ্ঠিত।   

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে ইসরায়েলি সামরিক বাহিনী ইরানের রক্ষকদের কাপুরুষোচিত হত্যাকাণ্ড এবং পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার মাধ্যমে আক্রমণ শুরু করেছিল। কিন্তু আগ্রাসীরা শেষ পর্যন্ত তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়। ইরানি জাতির দৃঢ় সংকল্প, প্রতিরোধ ও আত্মত্যাগ শত্রুর উচ্চাকাঙ্ক্ষাকে পরাজয় ও লজ্জায় রূপান্তরিত করে।  

বাকায়ি বলেন, এমনকী আগ্রাসনকারীদের পেছনে যারা ছিল তারাও এখন স্বীকার করেছে যে তারা তাদের উদ্দেশ্য অর্জন ছাড়াই প্রাপ্য সব উপায়গুলো নিঃশেষ করে ফেলেছে।

এই সংঘাতের ফলাফল ইরানের প্রভাব, অধ্যবসায় ও মর্যাদা অন্বেষণের এক স্থায়ী উদাহরণ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন তিনি।     

পরিষেশে বাকায়ি ইরানি জাতির প্রতিরোধ ও সহনশীলতাকে স্মরণ করতে বিখ্যাত ইরানি কবি সায়েব তাবরিজির কবিতার পঙক্তি উদ্ধৃত করেন।