১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

যুদ্ধ বন্ধে অগ্রগতি না হলে ১০ দিনের মধ্যে রাশিয়ার ওপর শুল্ক: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের হুমকি নিয়ে দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ট্রাম্প যে ‘আলটিমেটামের খেলা’ খেলছেন, তা এমন এক যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে, যাতে যুক্তরাষ্ট্রও জড়িয়ে পড়বে।

যুদ্ধ বন্ধে অগ্রগতি না হলে ১০ দিনের মধ্যে রাশিয়ার ওপর শুল্ক: ট্রাম্প
স্কটল্যান্ড থেকে ওয়াশিংটন ডিসিতে ফিরতে এয়ার ফোর্স ওয়ানে উঠছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2025, 12:19 PM

Updated : 26 Aug 2026, 01:28 PM

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইউক্রেইনে তিন বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ থামাতে ব্যবস্থা নিতে রাশিয়াকে দেওয়া সময়সীমা ১০ দিনে নামিয়ে এনে বলেছেন, এর মধ্যে কোনো অগ্রগতি না হলে যুক্তরাষ্ট্র মস্কোর ওপর শুল্ক আরোপ শুরু করবে, পাশাপাশি অন্যান্য পদক্ষেপও নেবে। 

মঙ্গলবার তিনি তার আগের ৫০ দিনের আলটিমেটাম ছেঁটে ১০ দিনে নিয়ে আসেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

রিপাবলিকান এ প্রেসিডেন্ট আগের দিন সোমবারই বলেছিলেন, তিনি প্রাথমিকভাবে যে ৫০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন, তা কমিয়ে ১০-১২ দিনে নিয়ে আসবেন। মঙ্গলবার তিনি সাংবাদিকদের জানান, রাশিয়ার কাছ থেকে তিনি এখনও কোনো প্রতিক্রিয়া পাননি। 

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞায় তেলের বাজারে প্রভাব বা দাম নিয়ে তিনি খুব বেশি চিন্তিত নন; তেমন কিছু হলে দেশীয় তেল উৎপাদন বাড়িয়ে পরিস্থিতি সামলানোরও আশ্বাস দিয়েছেন তিনি। 

“আমি জানি না এটা রাশিয়ার ওপর প্রভাব ফেলবে কিনা, কারণ (রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন) যে যুদ্ধ চালিয়ে যেতে চাইছেন তা স্পষ্ট। কিন্তু আমরা শুল্ক এবং অন্যান্য যা যা ব্যবস্থা নেওয়া যায়, নেবো,” বলেছেন ট্রাম্প।

মার্কিন এ প্রেসিডেন্ট কিছুদিন আগেও বারবার বলতেন, তার সঙ্গে রুশ প্রেসিডেন্ট পুতিনের সম্পর্ক বেশ চমৎকার। তবে ইউক্রেইনে যুদ্ধবিরতিতে রাজি না হওয়া মস্কোর ওপর সাম্প্রতিক সময়ে তাকে বেশ হতাশই দেখা যাচ্ছে। নতুন সময়সীমা বেঁধে দেওয়ার মানে হচ্ছে, ট্রাম্প তার নিষেধাজ্ঞার হুমকি বাস্তবায়নে প্রস্তুতি নিচ্ছেন, যদিও অতীতে তাকে এমন পদক্ষেপ নিতে দ্বিধাগ্রস্ত দেখা গেছে। 

সোমবার স্কটল্যান্ডে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের সময় ট্রাম্প ইউক্রেইন যুদ্ধ বন্ধে অগ্রগতি না হলে মস্কোর পাশাপাশি রুশ পণ্য কেনা দেশগুলোর ওপরও নিষেধাজ্ঞার হুমকি দিয়েছিলেন, এ নিষেধাজ্ঞাকেই পশ্চিমা গণমাধ্যমে ‘সেকেন্ডারি স্যাংশন’ বা ‘পরোক্ষ নিষেধাজ্ঞা’ বলা হচ্ছে।

মার্কিন বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট সাংবাদিকদের বলেছেন, তিনি কয়েকদিন আগে চীনা কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এই ‘সেকেন্ডারি স্যাংশনের’ প্রসঙ্গ তুলেছেন।

বেইজিং যদি রাশিয়ার তেল কেনা অব্যাহত রাখে তাহলে তাদের বেশি শুল্ক গুণতে হতে পারে, চীনা কর্মকর্তাদের এ কথা বলেছেন বলে জানিয়েছেন বেসেন্ট। 

যুক্তরাষ্ট্রের এমন হুমকি নিয়ে ওয়াশিংটনকে সতর্ক করেছেন পুতিনঘনিষ্ঠ দিমিত্রি মেদভেদেভ। রাশিয়ার এ সাবেক প্রেসিডেন্ট বলেছেন, ট্রাম্প যে ‘আলটিমেটামের খেলা’ খেলছেন, তা এমন এক যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে, যাতে যুক্তরাষ্ট্রও জড়িয়ে পড়বে। 

ইউক্রেইন তো দূর, গাজায় শান্তি চুক্তি করতে হিমশিম খাওয়া ট্রাম্প অবশ্য ভারত-পাকিস্তান ও রুয়ান্ডা-কঙ্গো যুদ্ধ থামানো নিয়ে বারবার কৃতিত্ব নিতে ছাড়ছেন না। যদিও জানুয়ারিতে ফের ক্ষমতায় আসার আগে তিনি একাধিকবার বড়াই করে বলেছিলেন, ইউক্রেইন-রাশিয়া সংঘাত তিনি এক দিনেই থামিয়ে দিতে পারেন।