২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জুমা এএনসি থেকে বহিষ্কারের খবর

আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের ফাঁস হওয়া নথির বরাত দিয়ে জুমাকে দল থেকে বহিষ্কারের এ খবর জানিয়েছে দেশটির একাধিক স্থানীয় গণমাধ্যম।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2024, 05:53 PM

Updated : 26 Aug 2026, 10:07 AM

দক্ষিণ আফ্রিকার ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) থেকে সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে বহিষ্কারের খবর ফাঁস হওয়া নথির বরাত জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

একসময় এএনসি’র নেতৃত্বে ছিলেন জুমা। কিন্তু গত ২৯ মে’র সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দলের জন্য প্রচার চালানোর পর তিনি এএনসি থেকে বহিষ্কার হলেন বলে জানানো হয়েছে খবরে।

জুমা রাজনৈতিক দল উমখুনটো উই সিজ (এমকে)-তে যোগ দেওয়ায় এএনসি’র শৃঙ্খলা কমিটি তাকে দলের অখন্ডতা বিনষ্ট করার জন্য দোষী সাব্যস্ত করেছে এবং রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য তিন সপ্তাহ সময়ও দিয়েছে।

এএনসি’র ফাঁস হওয়া নথির উদ্ধৃতি দিয়ে দক্ষিণ আফ্রিকার কয়েকটি স্থানীয় গণমাধ্যম এ খবর প্রকাশ করেছে। তবে এএনসি থেকে এখনও আনুষ্ঠানিকভাবে জুমাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিশ্চিত করে জানানো হয়নি।

ওদিকে এমকে পার্টি বলছে, ক্যাঙ্গারু কোর্টের নেওয়া ওই সিদ্ধান্ত জুমাকে জানানো হয়নি।

বিবিসি জানায়, ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন জ্যাকব জুমা। দুর্নীতির অভিযোগ ওঠায় ২০১৮ সালে পদত্যাগ করতে বাধ্য হওয়ার পর দলের সঙ্গে তার সম্পর্কে চিড় ধরে। 

জুমা সবসময়ই তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে এসেছেন। রাজনৈতিক দল এমকে গঠনের পর জানুয়ারিতে জুমার সদস্যপদ স্থগিত করেছিল এএনসি। 

গত ২৯ মে’র নির্বাচনে এএনসির কিছু ভোট এমকেতে চলে যায়। এমকে এখন পার্লামেন্টে এএনসি-নেতৃত্বাধীন সরকারের বিরোধীদল হিসাবে আছে।

এমকে এক বিবৃতিতে বলেছে, জুমাকে বহিষ্কারের খবর শুনে তারা বিস্মিত।