Published : 15 Sep 2026, 04:54 PM
ব্রাজিলের আগামী মাসের প্রেসিডেন্ট নির্বাচনের আগে সম্ভাব্য দ্বিতীয় পর্বের রানঅফ ভোট নিয়ে পৃথক দুটি জনমত জরিপের ফলাফল প্রকাশিত হয়েছে। এই দুই জনমত জরিপ অনুযায়ী, বর্তমান প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দ্যা সিলভা ও ডানপন্থি সেনেটর ফ্লাভিও বলসোনারো প্রায় সমান অবস্থানে রয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, ‘বিটিজি প্যাকচুয়াল/নেক্সাস’-এর সমীক্ষায় সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর জ্যেষ্ঠ পুত্র ফ্লাভিওকে পেছনে ফেলে সামান্য ব্যবধানে এগিয়ে গেছেন বামপন্থি নেতা লুলা।
তবে গ্লোবো আয়োজিত ‘কুয়েস্ট’-এর জরিপে এবারই প্রথম লুলার চেয়ে সংখ্যাগতভাবে এগিয়ে গেছেন বলসোনারো।
বলসোনারোকে বাজারবান্ধব হিসেবে বিবেচনা করায় জরিপে তার শক্ত অবস্থানের পর গত সপ্তাহে ব্রাজিলের আর্থিক বাজারে চাঙ্গাভাব দেখা যায়।
আগামী ৪ অক্টোবর প্রথম দফার ভোটে কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি বৈধ ভোট পেতে ব্যর্থ হলে শীর্ষ দুই প্রার্থী ২৫ অক্টোবরের রানঅফ নির্বাচনে মুখোমুখি হবেন।
নেক্সাসের সমীক্ষা অনুযায়ী, সম্ভাব্য রানঅফ নির্বাচনে লুলার পক্ষে ৪৭ শতাংশ এবং বলসোনারোর পক্ষে ৪৬ শতাংশ ভোটারের সমর্থন রয়েছে। অথচ এক সপ্তাহ আগের জরিপে লুলার ৪৫ শতাংশের বিপরীতে ৪৬ শতাংশ সমর্থন নিয়ে এগিয়ে ছিলেন বলসোনারো, যা মার্চ মাসের পর থেকে ওই সমীক্ষায় তার সেরা অবস্থান ছিল।
ভোটের প্রথম পর্ব নিয়ে জনমত জরিপের ফল অনুযায়ী, লুলার পক্ষে ৪২ শতাংশ এবং বলসোনারোর পক্ষে ৩৭ শতাংশ ভোটার সমর্থন দিয়েছেন। অন্যান্য প্রার্থীর মধ্যে আউগুস্তো কুরি ৬ শতাংশ, রোনালদো কায়াদো ৫ শতাংশ এবং রেনান সান্তোস ২ শতাংশ সমর্থন পেয়েছেন।
১১ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ২ হাজার ৩ জনের ওপর চালানো এই জরিপে ভুলের মাত্রা (মার্জিন অব এরর) ধরা হয়েছে ২ শতাংশ পয়েন্ট।
কুয়েস্টের জরিপে সম্ভাব্য রানঅফ ভোটে লুলার ৪০ শতাংশ সমর্থনের বিপরীতে বলসোনারো ৪২ শতাংশ সমর্থন নিয়ে এগিয়ে রয়েছেন। অথচ এর আগে ৭ সেপ্টেম্বরের জরিপে দুই নেতাই ৪১ শতাংশ সমর্থন নিয়ে সমতায় ছিলেন।
এই জরিপে প্রথম পর্বের ভোটাভুটিতে লুলার পক্ষে ৩৬ শতাংশ এবং বলসোনারোর পক্ষে ৩১ শতাংশ ভোটারের সমর্থনের কথা বলা হয়েছে।
এছাড়া কুরি ৭ শতাংশ, কায়াদো ৪ শতাংশ এবং সান্তোস ৪ শতাংশ ভোট পেতে পারেন। ১০ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ২ হাজার ৪ জনের মতামত নিয়ে পরিচালিত এই জরিপেরও ভুলের মাত্রা ২ শতাংশ পয়েন্ট।