Published : 25 May 2026, 09:07 PM
পাকিস্তানের দক্ষিণপশ্চিমে একটি ট্রেনে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা ৩০ পেরিয়ে গেছে বলে জানিয়েছেন দুই কর্মকর্তা।
বিচ্ছিন্নতাবাদী বালুচ লিবারেশন আর্মি (বিএলএ) রোববারের এ হামলার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
আত্মঘাতী এক হামলাকারী বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে ট্রেনে ধাক্কা দিলে মুহূর্তের মধ্যেই কয়েকটি বগি উড়ে যায়। এ ঘটনায় ২৪ জন নিহত হয়েছে বলে রোববার একাধিক সূত্রের বরাত দিয়ে বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছিল।
নিহতের সংখ্যা এরই মধ্যে ৩০ ছাড়িয়ে গেছে বলে সোমবার প্রাদেশিক দুই কর্মকর্তা রয়টার্সকে নিশ্চিত করেছেন। গণমাধ্যমকে তথ্য দেওয়ার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা না হওয়ায় তারা নাম-পরিচয় প্রকাশে রাজি হননি।
বিস্ফোরকভর্তি গাড়িটি যে শাটল ট্রেনে আঘাত হানে সেটি কোয়েটা ক্যান্টনমেন্ট এলাকা থেকে সেনাসদস্য ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে বের হয়েছিল; যাচ্ছিল যাত্রীদেরকে জাফর এক্সপ্রেসে তুলে দিতে, বলেছেন আরেক কর্মকর্তা।
পাকিস্তানের সরকার এবং সামরিক বাহিনী এখনও হামলায় হতাহতের মোট সংখ্যা প্রকাশ করেনি।
সাম্প্রতিক মাসগুলোতে দেশটি ট্রেনে, নিরাপত্তা বাহিনী ও তাদের স্থাপনায় একাধিক হামলা হতে দেখেছে।
খনিজ সম্পদে ভরপুর বেলুচিস্তানের এ বিদ্রোহীরা দীর্ঘদিন ধরেই পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হতে চাইছে।
তাদের দাবি, ইসলামাবাদ তাদের ওপর অর্থনৈতিক শোষণ চালাচ্ছে। বেলুচিস্তান থেকে যে পরিমান রাজস্ব আয় করছে পাকিস্তান তার কানাকড়িও ইরান-আফগানিস্তান সীমান্তবর্তী এ প্রদেশের বাসিন্দাদের জন্য ব্যয় করা হচ্ছে না।
পাকিস্তানের এ অস্থির প্রদেশেই চীনের অনেকগুলো উন্নয়ন প্রকল্প রয়েছে; রয়েছে গোয়াদর গভীর সমুদ্রবন্দর।
বিস্ফোরণে ট্রেনের ইঞ্জিন ও তিনটি বগি লাইনচ্যুত হয়; এরমধ্যে দুটি বগি উল্টে যায়, বলেছে পাকিস্তানের রেল মন্ত্রণালয়।
ঘটনাস্থলের একাধিক ছবিতে পুড়ে যাওয়া একাধিক যান, উল্টে থাকা বগি, ক্ষতিগ্রস্ত আবাসিক ভবন, রেললাইনের কাছে বাঁকানো ধাতু ও ধ্বংসাবশেষ এবং ধ্বংসস্তূপ থেকে আগুন ও ধোঁয়া বের হতে দেখা গেছে।
গত বছরের মার্চে বিএলএ-র সশস্ত্র যোদ্ধারা সেনাসদস্য বোঝাই জাফর এক্সপ্রেস হাইজ্যাক করে শতাধিক লোককে জিম্মি করেছিল। পরে এক সামরিক অভিযানে ওই জিম্মিদের অধিকাংশকে মুক্ত করে পাকিস্তানি সেনাবাহিনী।
সেদিন সবমিলিয়ে ২১ জিম্মি, চার সেনা ও ৩৩ হামলাকারী মারা পড়ে বলে পরে জানায় পাকিস্তানি সামরিক বাহিনী।
আরও পড়ুন-
পাকিস্তানের কোয়েটায় রেললাইনে শক্তিশালী বিস্ফোরণে নিহত অন্তত ১৪