Published : 12 Jun 2026, 12:37 AM
ইরানের শীর্ষ সামরিক কমান্ড সাফ জানিয়ে দিয়েছে, পারস্য উপসাগরীয় অঞ্চলের তেল ও গ্যাস রপ্তানি হয় ‘সবার জন্য উন্মুক্ত থাকবে, নয়ত কারও জন্য নয়"।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি অবকাঠামোর নিয়ন্ত্রণ নেওয়া এবং খার্ক দ্বীপ দখলের হুমকি দেওয়ার পর এই হুঁশিয়ারি এল।
যুক্তরাষ্ট্র যদি নতুন করে কোনও হামলা চালানোর চেষ্টা করে, তবে আগের চেয়েও ‘আরও মারাত্মক’ জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ইরানের শীর্ষ সামরিক কমান্ড।
এক বিবৃতিতে সামরিক কমান্ড জানায়, মার্কিন প্রশাসন একদিকে শান্তি চুক্তির কথা বলছে, অন্যদিকে, লাগাতার হামলা চালাচ্ছে; যা তাদের স্পষ্ট ‘স্ববিরোধিতা’ প্রদর্শন করছে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হুশিয়ারি দিয়েছিলেন যে, যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার রাতেই ইরানে ‘খুব কঠোর আঘাত হানবে’ এবং শিগগিরই দেশটির তেল ও গ্যাস বাজারের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ নেবে; দখল করবে খার্ক দ্বীপও।
তেহরান স্পষ্ট করে জানিয়েছে যে, মার্কিন নৌ-অবরোধের কারণে যদি তারা নিজেদের তেল ও গ্যাস বিশ্ববাজারে রপ্তানি করতে না পারে, তবে এই অঞ্চলের অন্য কোনও দেশও তা করতে পারবে না।
তছাড়া, যুক্তরাষ্ট্র ইরানের তেল স্থাপনাগুলোর ওপর আবার হামলা চালানোর চেষ্টা করলে হরমুজ প্রণালি দিয়ে তেল ও গ্যাস পরিবহন বন্ধ করে দেওয়া হবে বলেও জানিয়েছে তেহরান।