হরমুজ প্রণালি ইরানের ‘পারমাণবিক অস্ত্র’: দিমিত্রি মেদভেদেভ
রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যানের মতে, এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের ক্ষমতাই ইরানের কৌশলগত সক্ষমতা দেখিয়ে দেয়।
হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ ‘পারমাণবিক অস্ত্র’ হাতে থাকার মতোই বলে মন্তব্য করেছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ।
আনাদোলু বার্তা সংস্থার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। মেদভেদেভের মতে, এ গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের ক্ষমতাই তেহরানের কৌশলগত সক্ষমতা দেখিয়ে দেয়।
ইরানে সফর শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেদভেদেভ বলেন, পশ্চিম এশিয়ায় আরও বড় সংঘাত ছড়িয়ে পড়লে তেহরান বাব আল-মান্দেব প্রণালিতেও জাহাজ চলাচল ঠেকিয়ে দিতে পারে।
এমন পদক্ষেপ বিশ্বজুড়ে জ্বালানি তেল ও বাণিজ্যিক পণ্য পরিবহন পুরোপুরি থমকে দিতে পারে বলে সতর্ক করেন তিনি।
মেদভেদেভ বলেন, “আমি আশা করি, পরিস্থিতি এতদূর গড়াবে না। তবে পশ্চিম এশিয়ায় যারা যুদ্ধ ও সংঘাত উসকে দিতে চাইছে, তাদের সবারই এ বিষয়টি মাথায় রাখা উচিত।”
ইরানের ওপর সম্প্রতি চালানো মার্কিন হামলার তীব্র সমালোচনাও করেন মেদভেদেভ। কোনও রকম উস্কানি ছাড়া এ হামলা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দুই পক্ষের মধ্যে আলোচনা চলার সময় যুক্তরাষ্ট্রের জন্য ইরান কোনও হুমকি তৈরি করেনি।
মেদভেদেভ আরও বলেন, এ হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তৈরি হওয়া উদ্বেগ দূর করতে রাশিয়া এর আগেই একটি শান্তিপূর্ণ সমাধানের প্রস্তাব দিয়েছিল বলে তিনি দাবি করেন।
যুক্তরাষ্ট্র ও ইরানের সমঝোতা চুক্তির বিষয়ে মেদভেদেভ বলেন, সংঘাতের চেয়ে যে কোনও আলোচনা বা সমঝোতা সব সময়ই শ্রেয়। তবে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো অত্যন্ত কঠিন হবে বলে তিনি সতর্ক করেন।
বিশেষ করে তেহরানের ওপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের পুনর্গঠনে অর্থায়নের মতো বিষয়গুলোতে একমত হওয়া সহজ হবে না।
মেদভেদেভ বলেন, পশ্চিমা নিষেধাজ্ঞাধার আওতায় থাকা দেশগুলো যাতে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারে, সেজন্য একটি যৌথ প্ল্যাটফর্ম তৈরির বিষয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে তার আলোচনা হয়েছে। রাশিয়া এসব নিষেধাজ্ঞাকে অবৈধ বলে আসছে।
মেদভেদেভ আরও বলেন, কয়েক বছর আগে ইরানই প্রথম ওই প্রস্তাব দিয়েছিল। নিষেধাজ্ঞাকবলিত দেশগুলোকে নিয়ে এটি একটি আনুষ্ঠানিক চুক্তি বা সংস্থায় রূপ নিতে পারে।
ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজার আনুষ্ঠানিকতার ফাঁকে গত শুক্রবার তেহরানে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেন মেদভেদেভ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ দূত হিসেবে শোক জানাতে তিনি ইরান সফরে যান।
