Published : 19 Aug 2026, 06:38 PM
ফ্রান্সের রাজধানী প্যারিসের সড়কে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় প্রিন্সেস অব ওয়েলস ডায়ানার আকস্মিক প্রয়াণের প্রায় ৩০ বছর হতে চলেছে।
আর ঠিক এই সময়েই ডায়ানাকে নিয়ে নতুন বই প্রকাশ করতে চলেছেন তার ছোট ভাই আর্ল স্পেন্সার। তিনি তার নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে বোন ডায়ানার জীবনের 'প্রকৃত সত্য' তুলে ধরতে বইটি লিখেছেন।
বিবিসি জানায়, আগামী ২২ সেপ্টেম্বর যুক্তরাজ্যে প্রকাশ পাচ্ছে ‘সোয়ান সং: ডায়ানা, মাই সিস্টার’ শিরোনামের এই বই। এটি প্রকাশ করছে পেনগুইন র্যান্ডম হাউসের সহযোগী প্রতিষ্ঠান 'পেনগুইন মাইকেল জোসেফ'।
১৯৯৭ সালে প্যারিসে মাত্র ৩৬ বছর বয়সে প্রাণ হারান ডায়ানা। বেঁচে থাকলে চলতি বছরের ১ জুলাই তার বয়স হত ৬৫ বছর। সেসময় মা-হারা হওয়া তার দুই ছেলে প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারির বয়স ছিল যথাক্রমে ১৫ ও ১২ বছর।
আর্ল স্পেন্সার জানান, ডায়ানার মৃত্যুর ৩০ বছরপূর্তি ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সংবাদমাধ্যম থেকে তার কাছে সাক্ষাৎকার দেওয়ার জন্য অনেক অনুরোধ আসে। আর এ থেকেই তিনি তার নিজের চিন্তা ও স্মৃতিকথা শেষবারের মতো লিখে রাখতে উৎসাহ পেয়েছেন।
স্পেনসার বলেন, ডায়ানাকে নিয়ে অন্যদের অসত্য বা ভুল মতামত, যা মানুষ সময়ের সঙ্গে সঙ্গে সত্য বলে মেনে নিয়েছে, সেগুলো বারবার পড়ার অস্বস্তি থেকে বেরিয়ে নিজের স্মৃতি ও অভিজ্ঞতা থেকে বই লেখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এক বিবৃতিতে তিনি বলেন, “আমি ডায়ানার পক্ষে কথা বলতে চাই এবং তা অত্যন্ত ইতিবাচকভাবে উপস্থাপন করতে চাই। সময়ের পরিক্রমায় যেসব ভুল তথ্য সমাজে জাঁকিয়ে বসেছে, সেগুলোকে দূরে ঠেলে ভাইয়ের দৃষ্টিকোণ থেকে তার জীবনের খাঁটি সত্যটা জানানোই আমার মূল উদ্দেশ্য।”
বোন ডায়ানাকে এক অনন্য ও প্রাণবন্ত ব্যক্তিত্ব হিসেবে বর্ণনা করে স্পেন্সার আরও বলেন, “তিনি ছিলেন ভালোবাসা, গভীর আকর্ষণ আর কিছুটা আত্মসন্দেহে ঘেরা এক বিস্ময়কর চরিত্র, যিনি জীবনকে শতভাগ উপভোগ করেছেন। অকালে বিদায় নিলেও এই পৃথিবীকে তিনি আগের চেয়ে অনেক সুন্দর এক জায়গায় রূপান্তর করে গেছেন।”
১৯৯৭ সালের সেপ্টেম্বরে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে ডায়ানার শেষকৃত্যে দেওয়া সেই বিখ্যাত ও আবেগঘন ভাষণের কথাও স্মরণ করেন স্পেন্সার। সেদিন তিনি বোনকে "সহমর্মিতা, দায়িত্ববোধ, মার্জিত শৈলী ও সৌন্দর্যের প্রতীক" হিসেবে বর্ণনা করেছিলেন।
একই সঙ্গে পাপারাজ্জি ও সংবাদমাধ্যমের লাগামহীন পিছু ধাওয়ার কঠোর সমালোচনা করে ডায়ানাকে "আধুনিক যুগে গণমাধ্যমের সবচেয়ে বড় শিকার" বলেও তিনি মন্তব্য করেছিলেন। সেসময় দুই ভাগ্নে উইলিয়াম ও হ্যারিকে একই পরিণতি থেকে আড়াল করার প্রতিশ্রূতিও দিয়েছিলেন স্পেন্সার।