১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মার্কিন, ব্রিটিশ সামরিক ঘাঁটি দিয়াগো গার্সিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

একটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যস্থলে পৌঁছতে পারেনি, অপরটিকে একটি মার্কিন যুদ্ধজাহাজ এসএম-৩ ইন্টারসেপ্টর দিয়ে বাধা দিয়েছে।

মার্কিন, ব্রিটিশ সামরিক ঘাঁটি দিয়াগো গার্সিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা ইরানের
দিয়াগো গর্সিয়া ভারত মহাসাগরের প্রায় মাঝামাঝি অবস্থিত চাগোস দ্বীপপুঞ্জের একটি ছোট দ্বীপ। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2026, 03:16 PM

Updated : 26 Aug 2026, 03:12 PM

ভারত মহাসাগরের মার্কিন, ব্রিটিশ সামরিক ঘাঁটি দিয়াগো গার্সিয়ার উদ্দেশ্যে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, জানিয়েছে দেশটির আধা-স্বায়ত্তশাসিত বার্তা সংস্থা মেহর। 

তবে এর আগেই ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, শুক্রবার দিয়াগো গার্সিয়ার উদ্দেশ্যে ইরান দুটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে, কিন্তু সেগুলো লক্ষ্যস্থলে আঘাত হানেনি। 

মেহর বলেছে, “এই ঘাঁটিটিকে লক্ষ্যস্থল করা একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। এটি দেখিয়েছে যে এর আগে শত্রুরা যা কল্পনা করেছিল ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা তার চেয়েও অনেক বেশি।” 

একাধিক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, একটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যস্থলে পৌঁছতে পারেনি, অপরটিকে একটি মার্কিন যুদ্ধজাহাজ এসএম-৩ ইন্টারসেপ্টর দিয়ে বাধা দিয়েছে। তবে ইন্টারসেপ্টরটি ইরানি ক্ষেপণাস্ত্রটিকে ধ্বংস করতে সক্ষম হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। 

রয়টার্স জানিয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্রগুলো ওই দিন কখন ছোড়া হয়েছিল জার্নাল তা উল্লেখ করেনি। 

হোয়াইট হাউজ ও ওয়াশিংটন ডিসির ব্রিটিশ দূতাবাস এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে মন্তব্যের জন্য করা রয়টার্সের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।   

দিয়াগো গর্সিয়া ভারত মহাসাগরের প্রায় মাঝামাঝি অবস্থিত চাগোস দ্বীপপুঞ্জের একটি ছোট দ্বীপ। 

তিন সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটিই সবচেয়ে দূরবর্তী লক্ষ্যস্থলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইঙ্গিত দিয়েছিলেন, তাদের দেশের সামরিক বাহিনী তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা দুই হাজার কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ রেখেছে। কিন্তু ইরান থেকে দিয়াগো গার্সিয়ার দূরত্ব প্রায় চার হাজার কিলোমিটারের মতো।  

ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে এই ঘাঁটিটি ব্যবহার করার অনুমতি দিয়েছে যুক্তরাজ্য। কিন্তু ‘দেরি করে’ দেওয়া এই অনুমতির জন্য যুক্তরাজ্যের সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এর পরপরই দিয়াগো গার্সিয়ার সামরিক ঘাঁটিকে লক্ষ্যস্থল করে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান।