২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকোর ফুটবল মাঠে ১১ জনকে হত্যা করেছে সশস্ত্র হামলাকারীরা

এ হামলার ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন। তবে কেন হত্যাকাণ্ডটি ঘটানো হল তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি।

মেক্সিকোর ফুটবল মাঠে ১১ জনকে হত্যা করেছে সশস্ত্র হামলাকারীরা
ঘটনাস্থল গুয়ানাহুয়াতো মেক্সিকোর সবচেয়ে বিপজ্জনক রাজ্যগুলোর মধ্যে একটি। ছবি: এক্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2026, 02:38 PM

Updated : 26 Aug 2026, 02:47 PM

মেক্সিকোর সালামানকা শহরে এক ফুটবল ম্যাচের পর মাঠেই ১১ জনকে হত্যা করেছে একদল সশস্ত্র হামলাকারী।

সালামানকার মেয়র সেসার প্রিয়েতো রোববার ফেইসবুকে ঘটনাটির কথা জানিয়েছেন। এ হামলার ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন। তবে কেন হত্যাকাণ্ডটি ঘটানো হল তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি, জানিয়েছে রয়টার্স। 

প্রিয়েতো ঘটনাটিকে ‘গুরুতর সামাজিক ভাঙ্গন’ বলে বর্ণনা করেছেন। এই ‘কাপুরুষোচিত ও দুঃখজনক’ হামলায় এক নারী ও এক শিশুও আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।   

তিনি বলেন, “এই ঘটনা রাজ্যজুড়ে, বিশেষ করে সালমানকায় সহিংসতার একটি ঢেউ বইয়ে দিয়েছে, যা আমরা দুঃখের সঙ্গে প্রত্যক্ষ করছি। দুর্ভাগ্যজনকভাবে অপরাধী গোষ্ঠীগুলো কর্তৃপক্ষকে তাদের অধীন করার চেষ্টা করছে, কিন্তু তারা তা অর্জন করতে পারবে না।”   

সালমানকা যেখানে অবস্থিত সেই গুয়ানাহুয়াতো রাজ্যের অ্যাটর্নি জেনারেলের দপ্তর জানিয়েছে, এই হামলার ঘটনা নিয়ে একটি তদন্ত শুরু করা হয়েছে। 

এক বিবৃতিতে দপ্তরটি জানিয়েছে, ওই এলাকার বাসিন্দাদের সুরক্ষা দিতে, নিরাপত্তা জোরদার ও সম্ভাব্য অপরাধীদের খুঁজে বের করতে তারা নগর, রাজ্য ও ফেডারেল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বিতভাবে প্রচেষ্টা চালাচ্ছে। 

ফেইসবুকে করা মন্তব্যে প্রিয়েতো বলেন, “দায়ীদের খুঁজে বের করা হবে।” 

রয়টার্স লিখেছে, গুয়ানাহুয়াতো মেক্সিকোর সবচেয়ে বিপজ্জনক রাজ্যগুলোর মধ্যে একটি।