১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রিয়াদে, পূর্বাঞ্চলে হামলা চালিয়েছে ইরান, জানাল সৌদি আরব

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রিয়াদ ও পূর্বাঞ্চলে চালানো সব হামলা প্রতিহত করা হয়েছে।

রিয়াদে, পূর্বাঞ্চলে হামলা চালিয়েছে ইরান, জানাল সৌদি আরব
রিয়াদের বাদশা ফাহাদ বিমান ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর ওঠা ধোঁয়ার কুণ্ডুলির কথিত ছবি। ছবি: ফেইসবুক

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2026, 09:55 PM

Updated : 26 Aug 2026, 03:03 PM

ইরান সৌদি আরবের রাজধানী রিয়াদ ও পূর্বাঞ্চলে হামলা চালিয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে হামলাগুলো প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে তারা।  

বিবৃতিতে মন্ত্রণালয়টি বলেছে, “কোনো অজুহাত বা কোনোভাবে এই আক্রমণগুলোকে নায্যতা দেওয়া যায় না। আর ইরানি কর্তৃপক্ষ জানে যে সৌদি আরব নিশ্চিত করেছিল, ইরানে হামলা চালাতে তাদের আকাশপথ ও ভূখণ্ড ব্যবহার করার অনুমতি দেওয়া হবে না, তা সত্ত্বেও এসব হামলা চালানো হলো।”  

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রিয়াদ ও পূর্বাঞ্চলে চালানো সব হামলা প্রতিহত করা হয়েছে। 

বিবৃতিতে মন্ত্রণালয়টি আরও বলেছে, “সৌদি আরব নিশ্চিত করছে যে নিরাপত্তা রক্ষা এবং অঞ্চল, নাগরিক ও বাসিন্দাদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে তারা, এরমধ্যে অন্যায্য আগ্রাসনের জবাব দেওয়ার বিকল্পও অন্তর্ভুক্ত থাকবে।” 

সামাজিক মাধ্যম এক্স এ শেয়ার করা ভিডিও ফুটেজে রিয়াদের বাদশা ফাহাদ বিমান ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর ওঠা ধোঁয়া দেখা গেছে। 

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এক ব্যাপক যৌথ হামলা চালানোর পর মার্কিন সামরিক ঘাঁটি থাকা উপসাগরীয় আরব রাষ্ট্রগুলো ইরানের পাল্টা হামলার মুখে পড়েছে। 

শনিবার ইরান সরকার নিশ্চিত করেছে যে তারা মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি লক্ষ্যে পাল্টা হামলা চালিয়েছে। দেশটির বার্তা সংস্থা ফার্সের খবর অনুযায়ী, বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতসহ মার্কিন বিমান ঘাঁটি ও অন্যান্য সামরিক রসদ আছে এমন স্থানগুলোতে হামলা চালানো হয়েছে। এবার সৌদি আরবও জানাল, তাদের দেশেও আক্রমণ চালানো হয়েছে।  

ইরানের ইসলামিক রেভুল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, মধ্যপ্রাচ্যে সকল মার্কিন ও ইসরায়েলি সামরিক লক্ষ্যস্থলে ‘ইরানি ক্ষেপণাস্ত্র দিয়ে শক্তিশালী’ আঘাত হানা হয়েছে।

আরও পড়ুন: 

ইরানের পাল্টা হামলার মুখে পড়েছে মার্কিন ঘাঁটি থাকা একাধিক আরব রাষ্ট্র