Published : 17 Nov 2024, 04:19 PM
ভারত নিজেদের তৈরি একটি দীর্ঘ পাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। এর মাধ্যমে এই অত্যাধুনিক প্রযুক্তির অধিকারী হওয়া অল্প কয়েকটি দেশের একটি গোষ্ঠীর অন্তর্ভুক্ত হল বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটি।
শনিবার উড়িষ্যার এপিজে আব্দুল কালাম দ্বীপের উপকূল থেকে পরীক্ষামূলকভাবে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয় বলে রোববার জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
এর আগে শুধু চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র এ ধরনের ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছিল। ভারতের মতো বিশ্বের অনেক দেশই এ ধরনের ক্ষেপণাস্ত্র প্রযুক্তির অধিকারী হওয়ার চেষ্টা করছে।
ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা ডিফেন্স রিসার্চ এন্ড ডেভলেপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) ও এর অংশীদার কোম্পানিগুলো এ ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে, জানিয়েছে রয়টার্স।
এক বিবৃতিতে ভারত সরকার জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি বোমাসহ ১৫০০ কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করার মতো করে নকশা করা হয়েছে।
বিবৃতিতে তারা বলেছে, “ফ্লাইটের তথ্য এর টার্মিনাল ম্যানুভার সফল হওয়ার বিষয়টি এবং উচ্চ মাত্রার নির্ভুলতা নিশ্চিত করেছে।”
সামাজিক মাধ্যম এক্স এ করা এক পোস্টে রাজনাথ সিং এই ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে ‘ঐতিহাসিক সাফল্য’ হিসেবে বর্ণনা করেছেন।
The @DRDO_India has successfully conducted a flight trial of its long range hypersonic missile on 16th Nov 2024 from Dr APJ Abdul Kalam Island, off-the-coast of Odisha.
Raksha Mantri Shri @rajnathsingh has congratulated DRDO, Armed Forces and the Industry for successful flight… pic.twitter.com/wq7yM2YS9f
— रक्षा मंत्री कार्यालय/ RMO India (@DefenceMinIndia) November 17, 2024