১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আইপিএল জয়োৎসবের মধ্যে বেঙ্গালুরুতে স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে ১১ মৃত্যু

আরসিবির ট্রফি জয় উপলক্ষে কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সংবর্ধনা অনুষ্ঠানে লাখো লোক উপস্থিত হলে এ পদদলনের ঘটনা ঘটে।

আইপিএল জয়োৎসবের মধ্যে বেঙ্গালুরুতে স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে ১১ মৃত্যু
ট্রফি জয়ের উদ্‌যাপনে লাখো লোক হাজির হলে পদদলনের ঘটনা ঘটে। অনেকেই অচেতন হয়ে পড়েন। ছবি: এক্স/হিন্দুস্তান টাইমস

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2025, 12:34 AM

Updated : 26 Aug 2026, 01:08 PM

আঠারো বছরের প্রতীক্ষার পর ভারতীয় প্রিমিয়ার লীগ (আইপিএল) জয় করে বেঙ্গালুরুর উৎসব পরিণত হল বিষাদে। 

জয়োৎসবের মধ্যে বেঙ্গালুরুর এম চিন্নস্বামী স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

সংবাদমাধ্যমটি লিখেছে, রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) ট্রফি জয় উপলক্ষে কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন যে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিল তাতে অংশ নিতে লাখো লোক উপস্থিত হলে বিশৃঙ্খলা বেধে যায়। 

পদদলনের ঘটনায় ৩৩ জন আহত হয়েছে বলেও জানিয়েছে তারা। 

ঘটনাস্থলের ভিডিও ফুটেজে পুলিশকে আহত ও অচেতন লোকজনকে কাছাকাছি হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে। 

পদদলিত হয়ে উৎসবে অংশ নিতে আসা অনেকে অচেতন হয়ে পড়েন, বলেছেন প্রত্যক্ষদর্শীরা।

কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার জানান, ভিড় ‘নিয়ন্ত্রণের বাইরে’ চলে গিয়েছিল।

“ভিড় বেশি হওয়ায় ক্ষমা চাইছি। আমরা ৫ হাজার জনের জন্য আয়োজন করেছিলাম। বিপুল সংখ্যক তরুণ জড়ো হন, আমরা তাদের ওপর লাঠি ব্যবহার করতে পারি না,” বলেছেন তিনি।

আনন্দবাজার লিখেছে, লাখ লাখ মানুষের ভিড়ের চাপ সামলাতে দিশেহারা বেঙ্গালুরু পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠি চার্জ করতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।     

প্রত্যক্ষদর্শীরা বলছেন, অনুষ্ঠানস্থলে প্রয়োজনের তুলনায় পুলিশের সংখ্যা ছিল অনেক কম। যে কারণে ভিড় সামলাতে নাজেহাল অবস্থা হয় তাদের। 

এরপর স্টেডিয়ামের গেট খোলার সঙ্গে সঙ্গে অসংখ্য মানুষ দ্রুত ভিতরে যাওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি সামলাতে পুলিশ লাঠিচার্জ করে। তাতেই ঘটে বিপত্তি। 

স্টেডিয়ামের কাছে বেঙ্গালুরু মেট্রো স্টেশনের বেশকিছু ফুটেজে ট্রেনে এবং সিড়ি দিয়ে বিপুল সংখ্যক লোককে বের হতে দেখা গেছে।

নিকটবর্তী বোরিং হাসপাতালে একের পর এক অ্যাম্বুলেন্সে করে আহতদের নিয়ে আসতে দেখা গেছে। 

সংবর্ধনা অনুষ্ঠানে আসা ট্রফিজয়ী খেলোয়াড়দের এক ঝলক দেখতে অনেকে গাছে চড়েন, কেউ কেউ বসেন ডালে। 

নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে কর্ণাটক সরকার পরে বিধান সৌধ থেকে স্টেডিয়াম পর্যন্ত বিজয় মিছিল বাতিল করে দেয়।

পুলিশ বলছে, মঙ্গলবার রাত থেকেই তারা উদ্‌যাপনরত জনতাকে নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করেছে। রাতভর তারা নানাভাবে ভিড় যেন নিয়ন্ত্রণের বাইরে না চলে যায় এবং যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে তার জন্য কাজ করে গেছে, বলেছে বার্তা সংস্থা ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস। 

আইপিএল বিজয়ী ক্রিকেট দলকে রাজ্য সরকারের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠান দেখতে বিধান সৌধতেও বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হয়েছিল। 

বিজয়ী আরসিবি দল বুধবার বেঙ্গালুরুতে নামার পর উপ-মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার তাদের স্বাগত জানান। তিনি প্রত্যেক খেলোয়াড়কে ফুলের তোড়া দিয়ে অভিনন্দিত করেন।