Published : 04 May 2026, 12:20 PM
মার্কিন বিমানসংস্থা ইউনাইটেড এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী উড়োজাহাজ নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের চূড়ান্ত পর্যায়ে একটি ট্রেইলার ও খুঁটিতে আঘাত হানে বলে জানিয়েছে নিউ জার্সি অঙ্গরাজ্যের পুলিশ।
তাদের মুখপাত্র বলেছেন, রোববার বেলা ২টার দিকে ইউনাইটেডের ওই বোয়িং ৭৬৭-৪০০ এর নিচের অংশ এবং টায়ার নিউ জার্সি টার্নপাইক সড়কে থাকা আলো জ্বালানোর খুঁটি ও একটি ট্রাক্টর-ট্রেইলারে ধাক্কা মারে।
ইতালির ভেনিস থেকে রওনা দেওয়া ইউনাইটেডের ওই ফ্লাইট ১৬৯ পরে নিরাপদেই অবতরণ করে বলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান চলাচল কর্তৃপক্ষ (এফএএ) নিশ্চিত করেছে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্যারিসভিত্তিক এক বার্তা সংস্থার খবরে ঘটনার সময় ফ্লাইটটিতে ২২১ জন যাত্রী ও ১০ ক্রু ছিলেন বলে জানানো হয়েছে।
“আমাদের রক্ষণাবেক্ষণকারী দল উড়োজাহাজটির ক্ষয়ক্ষতি খতিয়ে দেখছে। আমরা এই ঘটনার ক্ষেত্রে ফ্লাইট নিরাপত্তা তদন্ত কঠোরভাবে করবো, তার অংশ হিসেবে ক্রু’দের আপাতত কাজ থেকে বিরত রাখা হয়েছে,” বলেছেন ইউনাইটেডের এক মুখপাত্র।
নিউ ইয়র্ক ও নিউ জার্সি বন্দর কর্তৃপক্ষ বলছে, বিমানের কেউ আহত হয়েছে বলে খবর পাওয়া যায়নি, তবে উড়োজাহাজটির সামান্য ক্ষয়ক্ষতি লক্ষ্য করা গেছে।
বিমানবন্দরের কর্মীরা রানওয়েতে ভাঙা অংশ পড়েছে কিনা তা খতিয়ে দেখেছেন, পরে খুব দ্রুতই স্বাভাবিক কার্যক্রম শুরু হয়, বলেছেন এক মুখপাত্র।
হালকা আঘাতপ্রাপ্ত ট্রাক্টর-ট্রেইলালের চালককে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসা শেষে তাকে সেখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।
বোয়িংয়ের ধাক্কার পর খুঁটিটি পার্কওয়ের দিকে যেতে থাকা একটি জিপে আঘাত হানে, বলেছে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের পুলিশ।
খুঁটি ও ট্রাকে বোয়িংয়ের ধাক্কার এ ঘটনা নিয়ে এফএএ ও যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা পরিষদ (এনটিএসবি) তদন্ত শুরু করেছে।
সোমবার এনটিএসবি-র এক তদন্ত কর্তার নিউয়ার্কে নামার কথা রয়েছে বলে জানিয়েছেন এক মুখপাত্র।
সংস্থাটি বলেছে, তদন্তের স্বার্থে ইউনাইটেড এয়ারলাইন্সের কাছে ফ্লাইট ১৬৯ এর ককপিট ভয়েস রেকর্ডার ও ফ্লাইট ডাটা রেকর্ডার চেয়েছে তারা।