‘হলুদ সাংবাদিকতা’র অভিযোগে পাকিস্তানে নিষিদ্ধ আল-জাজিরা
ইসলামাবাদ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে আল-জাজিরা নিষিদ্ধের ঘোষণা না এলেও পাকিস্তানজুড়ে আল জাজিরার ইংরেজি সাইট না খোলার কথা জানিয়েছেন ব্যবহারকারীরা।
আজাদ কাশ্মিরে নির্বাচনী সহিংসতা ও সাম্প্রতিক বিক্ষোভ নিয়ে ‘হলুদ সাংবাদিকতা’ করার অভিযোগে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে পাকিস্তান নিষিদ্ধ করেছে বলে খবর পাওয়া গেছে।
যদিও ইসলামাবাদ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে আল-জাজিরা নিষিদ্ধের ঘোষণা আসেনি। তবে পাকিস্তানজুড়ে ব্যবহারকারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, তারা আল জাজিরার ইংরেজি ভাষার ওয়েবসাইটে প্রবেশ করতে পারছেন না।
ফলে অধিকারকর্মী, বিরোধী দলীয় নেতা এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের কাছ থেকে অভিযোগ উঠছে যে, মুজাফফরাবাদ থেকে আল জাজিরার সংবাদ প্রচারের প্রতিক্রিয়ায় চ্যানেলটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
সংবাদ প্রতিবেদনগুলোতে ওই অঞ্চলের বেসামরিক নাগরিকদের ওপর নিরাপত্তা বাহিনীর দমনপীড়ন এবং নির্বাচনকে কেন্দ্র করে তৈরি হওয়া অস্থিরতার বিষয়গুলোর ওপর আলোকপাত করা হয়েছিল।
পাকিস্তান সরকার আল জাজিরা বন্ধ করার বিষয়টি নিশ্চিত করে জানায়নি। তবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পাকিস্তান শাসিত আজদ কাশ্মীরের নির্বাচন নিয়ে আল জাজিরার সংবাদ প্রতিবেদনের সমালোচনা করেছে।
মন্ত্রণালয় সংবাদমাধ্যমটির বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট প্রতিবেদন তৈরির অভিযোগ করেছে। মন্ত্রণালয়ের দাবি, সংবাদমাধ্যমটি বেছে বেছে কিছু তথ্য ও নির্দিষ্ট কিছু ব্যক্তির বক্তব্য প্রচার করে 'আজাদ জম্মু ও কাশ্মীর' (এজেকে) অঞ্চলের নির্বাচন ও ভোটগ্রহণ প্রক্রিয়াকে ভুলভাবে উপস্থাপন করেছে।
এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, “আজ মুজাফফরাবাদের কয়েকটি বাছাই করা ভোটকেন্দ্র থেকে আল জাজিরার নির্বাচিত প্রতিবেদন আমরা লক্ষ্য করেছি। নির্দিষ্ট সময় বেছে এবং নির্বাচিত কিছু ব্যক্তির পূর্বপরিকল্পিত বক্তব্য প্রচারের মাধ্যমে তারা আজাদ কাশ্মীরের নির্বাচন ও ভোটগ্রহণ প্রক্রিয়াকে ভুলভাবে তুলে ধরার চেষ্টা করেছে।”
পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আল জাজিরার বিরুদ্ধে ‘হলুদ সাংবাদিকতায়’ লিপ্ত থাকারও অভিযোগ করেছে। তাদের প্রতিবেদনে আজাদ কাশ্মীরের নির্বাচন পক্রিয়ার বিকৃত চিত্র উঠে এসেছে বলে মন্ত্রণালয় দাবি করেছে।
ভারতের এএনআই সংবাদ সংস্থা জানিয়েছে , পাকিস্তানের কিছু অংশে আল জাজিরা ইংলিশসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যবহারকারীরা ঢুকতে পারছে না বলে জানতে পেরেছে তারা।
বেশ কয়েকটি খবরে আরও বলা হয়েছে যে, স্থানীয় ও আঞ্চলিক বেশ কিছু ডিজিটাল সংবাদ মাধ্যমের প্রবেশাধিকার সীমিত করা হয়েছে, যদিও পাকিস্তান কর্তৃপক্ষ প্রকাশ্যে এ ধরনের কোনও পদক্ষেপ নেওয়ার কথা স্বীকার করেনি।
এই কড়াকড়ির খবর এমন এক সময়ে এল যখন পাকিস্তান আজাদ কাশ্মীরে দেখা দেওয়া অস্থিরতা সামাল দেওয়া নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে। সেখানে গত কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ, যোগাযোগ বিচ্ছিন্নতা (ইন্টারনেট ও ফোন বন্ধ রাখা) এবং বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের খবর পাওয়া গেছে।
সোশ্যাল মিডিয়াযতেই প্রথম আল জাজিরার সাইটে ঢুকতে না পারার অভিযোগ সামনে আসে। সেখানে পাকিস্তানের বিভিন্ন প্রান্তের ব্যবহারকারীরা জানান যে, তারা আল জাজিরার ওয়েবসাইট খুলতে পারছেন না।
অধিকারকর্মী এবং বিরোধীদলীয় ব্যক্তিরা পাক-অধিকৃত কাশ্মীরে আল জাজিরার ব্যাপক সংবাদ প্রচারের সঙ্গে সংবাদমাধ্যমটির সাইটে এই বিঘ্ন ঘটার বিষয়টির যোগসূত্র থাকার কথা বলার পর অভিযোগ আরও গতি পায়।
