বরিশালে প্রতিপক্ষকে অপহরণ চেষ্টার অভিযোগ
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে অপহরণে চেষ্টা করার অভিযোগ করেছেন একই দলের বিদ্রোহী প্রার্থী।
শনিবার নগরীর এক রেস্তোরাঁয় সাংবাদ সম্মেলনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যতীন্দ্র নাথ মিস্ত্রী দাবি করেন, গত বৃহস্পতিবার বাড়িতে ঢোকার সময় গোলাম মোর্তুজা সন্ত্রাসী বাহিনী দিয়ে তাকে অপহরণের চেষ্টা চালায়।
একই সাথে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন এবং তার কর্মী সমর্থকদের পুলিশী হয়রানির অভিযোগ করেন।
তার কর্মী-সমর্থকদের মারধর, মাইক ও নির্বাচনী অফিস ভাংচুর করা হয়েছে বলে জানান তিনি।
এমন কি ভোটারদের ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তবে এ অভিযোগ অস্বীকার করে গোলাম মোর্তুজা খান বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকমকে বলেন, “নিশ্চিত পরাজয় জেনে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।”
