২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ৬ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

কেন্দ্র দখল, জাল ভোট প্রদানসহ বিভিন্ন গোলযোগের কারণে শনিবার চাঁদপুরের হাজীগঞ্জ ও কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে ছয়টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করেছে প্রশাসন।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2014, 04:35 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

কেন্দ্রগুলো হচ্ছে, হাজীগঞ্জের পূর্ব রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, মেনাপর পীর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়, নাসিরকোর্ট উচ্চ বিদ্যালয়, কচুয়ার শিলাস্থান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তেগুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর জানান, সকাল সাড়ে ৯টায় কচুয়ার তেগুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল করে জাল ভোট দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে উভয় প্রার্থীর অন্তত ১৫ নেতাকর্মী আহত হন।

দুপুর সোয়া ১টায় একই উপজেলার তেগুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একই ধরনের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়।

অপরদিকে হাজীগঞ্জের পশ্চিম রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা পৌনে ১১টায় জাল ভোট দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে।

এছাড়া মেনাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে অন্তত পাঁচজন আহত হয়। সংঘর্ষ চলাকালে এই কেন্দ্র থেকে ব্যালট বাক্স ছিনিয়ে নেয়া হয়।

পুলিশ সুপার মো. আমির জাফর আরো বলেন, গোলযোগের কারণে এ কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ বন্ধ করে দেয়া হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।

রিটার্নিং অফিসার মোহাম্মদ নুরুল্লাহ নুরী বলেন, ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। যেসব জায়গায় বিশৃঙ্খলা হয়েছে সেসব কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে।

হাজীগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থীর নির্বাচন বর্জন

কেন্দ্র দখল ও জালভোটের অভিযোগে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন হাজীগঞ্জ উপজেলার নির্দল চেয়ারম্যান পদপ্রার্থী মো. আলমগীর কবির পাটওয়ারী।

শনিবার দুপুরে সংবদ সম্মেলনে আলমগীর কবির পাটওয়ারী বলেন, “আমার নিশ্চিত বিজয় জেনে অন্য চেয়ারম্যান প্রার্থীরা জোরপূর্বক কেন্দ্র দখল করেন। তারা বিভিন্ন কেন্দ্র থেকে আমাদের এজেন্টদের বের করে দিয়ে ব্যাপক জাল ভোট দেয়।

“এতকিছুর পর আমার এই নির্বাচন বর্জন করা ছাড়া আর কোনো উপায় নেই।”