ভাইস চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট সাবেক মন্ত্রী!
উপজেলা নির্বাচনে এক মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ।
বৃহস্পতিবার জেলা রির্টানিং কর্তকতা মো. জাহাঙ্গীর হোসেন জানান, সদর উপজেলা নির্বাচনে বিএনপি সমর্থিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী এজেন্ট হয়েছেন চৌধুরী কামাল।
এজেন্ট হওয়ার আবেদনে এই সাবেক মন্ত্রীর স্বাক্ষর রয়েছে বলেও জানান তিনি।
তবে মহিলা ভাইস চেয়ারম্যানের প্রধান নির্বাচনী এজেন্ট হওয়া প্রসঙ্গে চৌধুরী কামাল সাংবাদিকদের বলেন, “কীভাবে এজেন্ট হয়েছি তা এখনও আমি জানি না।”
ওই মহিলা প্রার্থী কামাল ইউসুফের কোন আত্মীয় নয় বলেও জানা গেছে।
তবে এই উপজেলা পরিষদ নির্বাচনে জেলা যুবদলের সাধারণ সম্পাদক বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর এবং স্থানীয় যুবদলের এক নেতা পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থীর প্রধান এজেন্ট হয়েছেন।
“নির্বাচনে প্রভাব বিস্তার করতেই এই সাবেক মন্ত্রী উপজেলা নির্বাচনে এজেন্ট হয়েছেন” বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী খন্দকার মোহতেশাম হোসেন বাবরের নির্বাচনী এজেন্ট মোকাররম মিয়া বাবু।
