Published : 05 Jan 2026, 09:15 PM
জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনি জোট করায় খাগড়াছড়িতে এনসিপির তিন শতাধিক বিএনপিতে যোগি দিয়েছেন।
সোমবার বিকালে এনসিপি খাগড়াছড়ি জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরার নেতৃত্বে নেতাকর্মীরা জেলা বিএনপি কার্যালয়ে এসে যোগদান করেন।
যোগদানকারী সদস্যদের ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁঞা।
এ সময় বিপ্লব ত্রিপুরা বলেন, “এনসিপি জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনি জোট করেছে। বিষয়টি মেনে নিতে পারেননি অধিকাংশ নেতাকর্মী। ক্ষুব্ধ হয়ে বিএনপিতে যোগদান করেছি। স্বেচ্ছায় ও সজ্ঞানে খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করেছি।”
বিএনপি নেতা আবদুল ওয়াদুদ ভূঁঞা নেতাকর্মীদের স্বাগত জানিয়ে বলেন, “আপনারা স্বেচ্ছায় বিএনপিতে যোগ দিয়েছেন, এজন্য আপনাদের ধন্যবাদ। আসন্ন সংসদ নির্বাচনে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। এজন্য সবার সহযোগিতা কামনা করছি।”
যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু। এ ছাড়া জেলা বিএনপির সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছার উপস্থিত ছিলেন।