Published : 02 Oct 2022, 02:45 PM
ক্লাউড ভিত্তিক গেইমিং সেবাকে জনপ্রিয় করার সম্ভবত সবচেয়ে ফলদায়ক উপায় হচ্ছে যতো সহজে সম্ভব গেইম চালু করা। আর সেটি বিবেচনা করেই সার্চের ফলাফলে ক্লিকের মাধ্যমেই গেইম শুরুর উপায় পরীক্ষা করে দেখছে গুগল।
গুগলের টার্গেট, তাদের নিজস্ব গেইমিং প্ল্যাটফর্ম ‘স্টেডিয়া’র সদস্য না হয়েও যেন গেইম খেলা যায়।
গুগলের এই পরীক্ষার বিষয়টি চিহ্নিত করেছেন গেইমিং বিষয়ক সাইট ‘দ্য নার্ফ রিপোর্ট’-এর প্রতিবেদক ব্রায়ান্ট চ্যাপেল। প্রতিবেদন অনুযায়ী, এই সব গেইম কেবল স্টেডিয়াতেই নয় বরং ‘এক্সবক্স ক্লাউড গেইমিং’, ‘এনভিডিয়া জিফোর্স নাও’ ও ‘অ্যামাজন লুনা’র মতো গেইমিং প্ল্যাটফর্মেও খেলা যাবে।
কোনো ব্যবহারকারী যদি এই পরীক্ষার তালিকায় থাকেন এবং ওই সব প্ল্যাটফর্মে গেইম সার্চ করেন, তাহলে প্ল্যাটফর্মটির ইনফরমেশন প্যানেলে হয়ত ‘প্লে নাও’ নামে একটি বাটন দেখতে পাবেন তিনি। এই বাটনে ক্লিক করলেই গেইম চালু করতে অথবা প্ল্যাটফর্মের পেইজে চলে যাবেন ব্যবহারকারী।
প্রযুক্তিবিষয়ক সাইট ‘৯টু৫গুগল’ বলছে, সার্চ ফলাফলে গেইম খেলা যাবে যদি গেইমটি বিনামূল্যে খেলা যায় অথবা স্টেডিয়া বা কোনো প্রিমিয়াম সেবায় গেইমটি থাকে।
এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, গুগলের এই ধরনের ফিচার পরীক্ষার বিষয়টি পুরোপুরিভাবে চমকপ্রদ নয়, কারণ বেশ কয়েক বছর ধরে তারা দেখিয়েছে গ্রাহক কীভাবে বিভিন্ন সিনেমা এবং টিভি শো সার্চ ফলাফলে আনতে পারেন।
উদাহরণ হিসেবে, কোনো ব্যবহারকারীর কাছে যদি নেটফ্লিক্স গ্রাহক সেবা থাকে ও তিনি গুগলে ‘স্ট্রেঞ্জার থিংস’ সার্চ দেন, তবে তিনি কেবল একটি ক্লিকের মাধ্যমেই সিরিজটি দেখতে পারবেন।
স্টেডিয়ার মতো নিজস্ব ক্লাউড গেইমিং সেবা থাকার পরও সেখানে এতোদিন এই ফিচার না আনার বিষয়টি গুগলের জন্য কিছুটা হলেও অস্বাভাবিক বলে মন্তব্য করেছে এনগ্যাজেট। অন্যদিকে, গত দেড় বছর ধরে ‘স্টেডিয়া’ স্টোরে সার্চের সুবিধা নেই, যা থেকেও স্পষ্ট ইঙ্গিত মিলছে যে, গুগলের সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে না প্ল্যাটফর্মটি।
এনগ্যাজেটের প্রতিবেদন বলছে, স্টেডিয়া বন্ধ হচ্ছে না। এতে ধীরে ধীরে নতুন ফিচার যোগ করছে গুগল।