১৯ অক্টোবর ২০২৬, ০৪ কার্তিক ১৪৩৩

‘এক্স’ মানে পর্ন, ইন্দোনেশিয়ায় নিষিদ্ধ হল রিব্র্যান্ড করা টুইটার

দেশটির তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয় বলেছে, সাইটটি ব্লক করার কারণ, এর আগে ওই ডোমেইন বিভিন্ন এমন সাইটের বেলায় ব্যবহৃত হয়েছে, যেগুলো দেশটির আইন পরিপন্থী।

‘এক্স’ মানে পর্ন, ইন্দোনেশিয়ায় নিষিদ্ধ হল রিব্র্যান্ড করা টুইটার

|

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2023, 04:22 PM

Updated : 27 Jul 2023, 04:22 PM

অনলাইন পর্নোগ্রাফি ও জুয়া বিষয়ক আইনের আওতায় ইন্দোনেশিয়ায় নিষিদ্ধ হয়েছে ইলন মাস্ক মালিকানাধীন সামাজিক সাইট টুইটার, যা বর্তমানে ‘এক্স’ নামে পরিচিত।

নিজের ‘এভরিথিং অ্যাপ’ তৈরির পরিকল্পনার অংশ হিসেবে গেল রোববার সাইটটির নাম বদলেছেন মাস্ক।

২০২২ সালের অক্টোবরে সামাজিক সাইটটি কেনেন মাস্ক। আর ব্যবহারকারীদের কাছ থেকে আইডিয়া সংগ্রহের পর গেল সোমবার টুইটারের বহুল পরিচিত পাখির লোগো বদলে নতুন লোগো এনেছেন তিনি।

মাস্ক বলেন, এর আগে পেপালের জন্য ব্যবহৃত ডোমেনেইন ‘এক্স ডটকম’ এখন ব্যবহারকারীদের ‘টুইটার ডটকম’-এ নিয়ে যাবে।

আল জাজিরার প্রতিবেদন অনুসারে, এই সিদ্ধান্তের পর ইন্দোনেশিয়ার লাখ লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে পারেননি।

ইন্দোনেশিয়ার তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয় বলেছে, সাইটটি ব্লক করা হয়েছে কারণ এর আগে ওই ডোমেইন বিভিন্ন এমন সাইটের বেলায় ব্যবহৃত হয়েছে, যেগুলো দেশটির ‘নেতিবাচক’ কনটেন্ট সংশ্লিষ্ট আইন পরিপন্থী।

ইন্দোনেশিয়ার তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের মহাপরিচালক উসমান কানসং বলেন, সাইটের প্রকৃতি নিয়ে পরিষ্কার ধারণা পেতে দেশটির সরকার ‘এক্স’-এর সঙ্গে যোগাযোগ করেছে।

“এর আগে আমরা টুইটারের লোকজনের সঙ্গে কথা বলেছি। তারা আমাদের একটি চিঠি পাঠাবে, যেখানে লেখা থাকবে যে টুইটার এখন থেকে ‘এক্স ডটকম’ ব্যবহার করবে।” --বলেন কানসং।

যেসব টুইটার ব্যবহারকারী সামাজিক মাধ্যমটিতে প্রবেশের চেষ্টা করছেন, তারা স্ক্রিনে একটি বার্তা পেয়েছেন, যেখানে লেখা স্থানীয় আইন ও প্রবিধান লঙ্ঘনের অভিযোগে মন্ত্রণালয় সাইটটিতে এক্সেস বন্ধ করে রেখেছে।

‘অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউট’-এর সাইবার নীতিমালা বিশ্লেষক গাত্রিয়া প্রিয়ানদিতা আল জাজিরাকে বলেন, বিভিন্ন ‘আপত্তিকর, অপরাধমূলক বা সামাজিক সম্প্রীতির জন্য বিপজ্জনক’ হিসেবে বিবেচিত ওয়েবসাইট বন্ধের প্রবণতা রয়েছে ইন্দোনেশিয়ার।

“এর মধ্যে থাকতে পারে পর্নোগ্রাফিক কনটেন্ট, যেসব সাইট মেধাস্বত্ব সংশ্লিষ্ট আইন লঙ্ঘন করে ও যেগুলো থেকে ঘৃণা বা ভুল তথ্য ছড়ানোর ঝুঁকি থাকে।”

“যেহেতু ইন্দোনেশিয়ায় টুইটার স্বতন্ত্রভাবে ব্যবহৃত হয়, তাই ‘এক্স ডটকম’কে নিষিদ্ধ সাইট তালিকা থেকে সরানো বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করি না আমি। তবে, এর জন্য টুইটারকে নমুনা পরীক্ষা করে দেখাতে হবে যে এই ডোমেইন সত্যিই ব্যবহারকারীকে টুইটারে নিয়ে যায়।”

২০২২ সালে বিভিন্ন প্ল্যাটফর্মে দেখানো কনটেন্টের বিস্তারিত তথ্য মন্ত্রণালয়ের কাছে প্রকাশ না করলে নেটফ্লিক্স, গুগল, ফেইসবুক, ইনস্টাগ্রাম ও টুইটারের মতো জনপ্রিয় সাইটগুলো বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিল ইন্দোনেশিয়া।