২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ভারতের অ্যান্টিট্রাস্ট রায় ঠেকাতে আপিলের সিদ্ধান্ত গুগলের

“সিসিআই’র সিদ্ধান্তে গুগল যে ভয় পেয়েছে তা বিস্তৃতভাবে বিভিন্ন প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া থেকে টের পাওয়া যায়।”

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2022, 08:15 PM

Updated : 24 Dec 2022, 08:15 PM

অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে কোম্পানির কার্যক্রম নিয়ে ভারতের অ্যান্টিট্রাস্ট নিয়ন্ত্রকদের দেওয়া জরিমানার বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নিয়েছে প্রযুক্তি জায়ান্ট গুগল।

প্রতিযোগিতা বিরোধী অনুশীলন পরিচালনার অভিযোগে এই সার্চ জায়ান্টকে ভারত ১৬ কোটি ২০ লাখ ডলার জরিমানা করার পর শুক্রবার এই ঘোষণার দিলো গুগল।

অক্টোবরে ‘কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া (সিসিআই)’ বলেছে, অনলাইন সার্চ ও অ্যাপ স্টোরের বাজারে নিজেদের প্রভাবশালী অবস্থানের সুযোগ নিয়ে মোবাইল ব্রাউজার ও অনলাইন ভিডিও হোস্টিং খাতে ক্রোম ও ইউটিউবের মতো নিজস্ব অ্যাপের অবস্থান সুরক্ষিত রেখেছে গুগল।

“আমরা সিসিআই’র অ্যান্ড্রয়েড বিষয়ক সিদ্ধান্তের বিপরীতে আপিলের সিদ্ধান্ত নিয়েছি।” -- গুগলের এক মুখপাত্র বলেন। 

“আমরা মনে করি, এটি অ্যান্ড্রয়েডের বিভিন্ন নিরাপত্তা ফিচারের ওপর বিশ্বাস করা ভারতীয় ব্যবহারকারী ও ব্যবসাগুলোর জন্য বড় এক ধাক্কা। এর ফলে, বিভিন্ন মোবাইল ডিভাইসের দামও বেড়ে যাচ্ছে।”

সিসিআই’র সিদ্ধান্তে গুগল যে ভয় পেয়েছে তা বিস্তৃতভাবে বিভিন্ন প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া থেকে টের পাওয়া যায় বলে এর আগে রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে।

প্রযুক্তি গবেষণা বিশ্লেষক কোম্পানি কাউন্টারপয়েন্ট রিসার্চের অনুমান বলছে, ভারতের ৬০ কোটি ডিভাইসের ৯৭ শতাংশই অ্যান্ড্রয়েডে চলে।

“ভারতে ডিজিটাল রূপান্তরের সহায়তায় অ্যান্ড্রয়েডের মাধ্যমে ব্যপক উপকৃত হয়েছেন দেশটির ব্যবহারকারী, নির্মাতা ও যন্ত্রাংশ সরবরাহকারীরা। আমাদের বিষয়টি উত্থাপনের পাশাপাশি ব্যবহারকারী ও অংশীদারদের কাছেও আমরা দায়বদ্ধ থাকব।” --বলেছে গুগল।

বিশ্বের বিভিন্ন দেশেই গুগলের বিরুদ্ধে অ্যান্টিট্রাস্ট তদন্ত বাড়ছে। এর মধ্যে বড় এক ধাক্কা হিসেবে বিবেচিত হয় এই বছরের শুরুতে ইউরোপের এক আদালতের ২০১৮ সালের সিদ্ধান্ত বহাল রাখার বিষয়টি। ওই মামলায় অ্যান্ড্রয়েড মোবাইল ডিভাইস সরবরাহকারীদের ওপর ‘বেআইনি নিষেধাজ্ঞা’ দেওয়ার অভিযোগ ওঠে গুগলের বিরুদ্ধে।

ওই সিদ্ধান্তের বিপরীতেও আপিলের পরিকল্পনা করছে গুগল, যেখানে চারশ ১০ কোটি ডলার জরিমানার মুখে পড়েছে এই ইন্টারনেট জায়ান্ট।

এদিকে, প্রতিযোগিতা বিরোধী চুক্তি স্বাক্ষরের পরও স্মার্টফোন নির্মাতাদের জন্য অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে লাইসেন্সিং ব্যবস্থা রাখায় সমালোচনার মুখে পড়েছে গুগল।

গুগল বলছে, সবার জন্যই তুলনামূলক বেশি সংখ্যায় বেছে নেওয়ার সুযোগ তৈরি করেছে অ্যান্ড্রয়েড। আর এই ধরনের চুক্তি অপারেটিং সিস্টেমকে বিনামূল্যে রাখতে সাহায্য করে।