ফের পেছালো হ্যারি পটারের প্রিকুয়েল গেইম
গেইমটির প্রথম ঘোষণা এসেছিল ২০২০ সালের শেষে, প্রত্যাশা ছিল পরের বছর গেইম প্রকাশের। এর পর তারিখ ২০২২ সাল পর্যন্ত পিছিয়ে দেয় প্রকাশক ওয়ার্নার ব্রাদার্স।
এই নিয়ে দ্বিতীয়বারের মতো পিছিয়েছে জনপ্রিয় মুভি সিরিজ হ্যারি পটারের প্রিকুয়েল গেইম ‘হগওয়ার্টস লেগাসি’ প্রকাশের তারিখ।
১২ অগাস্ট ‘হগওয়ার্টস লেগাসি’র অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের এক টুইট বার্তায় গেইম পেছানোর খবরটি নিশ্চিত করেছে নির্মাতা। ২০২২ সালে গেইমটি প্রকাশের কথা থাকলেও নতুন তথ্য বলছে, এটি ২০২৩ সালের ১০ ফেব্রুয়ারির আগে আসছে না।
নতুন উন্মোচনের তারিখে পিসি, ‘প্লেস্টেশন ৪’, ‘পিএস৫’, ‘এক্সবক্স ওয়ান’ এবং ‘এক্সবক্স সিরিজ এক্স/এস’-এ আসতে পারে গেইমটি। তবে, ‘নিনটেন্ডো সুইচ’ সংস্করণের তারিখ নিয়ে এখনো কোনো তথ্য দেয়নি নির্মাতা। ভার্জ বলছে, “এর মানে হচ্ছে, সুইচ সংস্করণটি সম্ভবত আরও পরে আসবে।”
গত বছরের জানুয়ারি মাসে নির্মাতা ‘পোর্টকি গেইমস’ বলেছিল, গেইমটি পেছানোর মূল কারণ হচ্ছে, বাজারে আসার আগে গেইমটি যেন পর্যাপ্ত সময় পায় সেটি নিশ্চিত করা। ১২ অগাস্টের বিবৃতি এসেছে ওই একই সূরে - গেইমটি প্রকাশের আগে আরও সময় দরকার নির্মাতাদের।
“আপনার গেইম খেলার জন্য আমরা অধীর অপেক্ষায় আছি। তবে, সম্ভাব্য সেরা গেইমিং অভিজ্ঞতার স্বার্থে আমাদের কিছু সময় প্রয়োজন।” --টুইটারে লিখেছে হগওয়ার্টস লেগাসি’র অফিসিয়াল পেইজ।
প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, গেইমটির প্রথম ঘোষণা এসেছিল ২০২০ সালের শেষে, প্রত্যাশা ছিল পরের বছর গেইম প্রকাশের। এর পর তারিখ ২০২২ সাল পর্যন্ত পিছিয়ে দেয় প্রকাশক ওয়ার্নার ব্রাদার্স। ওই তারিখ পেছানোর সময় তারা বলেছিল, এই ছুটির মৌসুমে কোনো এক সময় আসতে পারে গেইমটি। আর এবার এলো তারিখ পেছানোর আরও একটি ঘোষণা।
