Published : 10 Oct 2023, 02:08 PM
মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন বিং ও অ্যাপলের মেসেজিং সেবা আইমেসেজ-এ নতুন প্রযুক্তি নীতিমালার প্রয়োগ করা ঠিক হবে কি-না, তা নিয়ে প্রতিদ্বন্দ্বী কোম্পানি ও ব্যবহারকারীদের মতামত জানতে চেয়েছে ইউরোপীয় ইউনিয়নের নিয়ন্ত্রকরা।
মাইক্রোসফটের বিং ও এজ, মাইক্রোসফট অ্যাডভার্টাইজিংয়ের পাশাপাশি অ্যাপলের আইমেসেজকে ‘ডিজিটাল মার্কেটস অ্যাক্ট (ডিএমএ)’র অধীনে আনা উচিৎ কি না, সেপ্টেম্বরে তা নিয়ে তদন্ত শুরু করে ইউরোপীয় কমিশন।
মূল প্ল্যাটফর্ম পরিসেবার অংশ বলে যা যা বিবেচিত তার মধ্যে মেসেজিংও রয়েছে– ইইউ’র নিয়ন্ত্রকদের কাছে বিভিন্ন কোম্পানি এমন অভিযোগ তোলার পরপরই এ তদন্ত শুরু হয়।
মাইক্রোসফট, অ্যাপল, গুগল, অ্যামাজন, মেটা ও বাইটড্যান্সকে নিজস্ব প্ল্যাটফর্মে বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ বা অ্যাপ স্টোরকে অনুমোদন দিতে হবে– এমন শর্তের কথা উল্লেখ রয়েছে ডিএমএ’তে। এর ফলে, ব্যবহারকারীরা সহজেই বিভিন্ন প্রতিদ্বন্দ্বী কোম্পানির অ্যাপ চালানোর সুযোগ পাবেন বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।
এ মাসের শুরুতে কোম্পানিগুলোকে বেশ কিছু প্রশ্ন পাঠিয়েছে ইউরোপীয় কমিশন, যেখানে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় মাইক্রোসফটের তিন পরিষেবা ও অ্যাপলের আইমেসেজ সেবার গুরুত্ব নির্ধারণ করতে বলে সংস্থাটি।
এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, ইইউ’র নিয়ন্ত্রকরা জানতে চাইছেন, এইসব পরিষেবায় এমন সুনির্দিষ্ট কিছু আছে কি না, যে কারণে ব্যবসায়িক ব্যবহারকারীরা এগুলোর ওপর নির্ভর করেন। আর সেগুলো কোম্পানির ইকোসিস্টেমের সঙ্গে কীভাবে সামঞ্জস্য রাখে।
এ ছাড়া, সেবাগুলোর ব্যবহারকারী সংখ্যাও জানতে চেয়েছে সংস্থাটি।
এর জবাব দিতে কোম্পানিগুলোকে এক সপ্তাহেরও কম সময় দেওয়া হয়েছে। আর পাঁচ মাসের মধ্যেই কমিশন এই তদন্ত শেষ করতে চায় বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।